কিশোরগঞ্জের ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকায় সড়কের দুই পাশে অবৈধভাবে বালুর স্তূপ করে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। মহাসড়কের পাশ ঘেঁষে অন্তত ১০ থেকে ১২টি স্থানে বালু জমিয়ে রাখায় সংকীর্ণ হয়ে পড়েছে সড়ক। উড়ন্ত বালুতে চালকদের দৃষ্টিবাধা সৃষ্টি হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। পাশাপাশি রাত হলেই সড়কে ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গাজিরটেক এলাকার ব্রিজের উত্তর পাশে সড়কের দুই ধারে বিভিন্ন স্থানে বালু স্তূপ করে রাখা হয়েছে। প্রতিদিন ড্রেজার, ডাম্প ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে এসব বালু আনা হচ্ছে। পরে ট্রাকে করে বালু বিক্রিও করা হচ্ছে। বালু ওঠানো-নামানোর সময় সড়কে ছড়িয়ে পড়ছে বালু। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
বিশেষ করে হালকা বাতাসেই বালু উড়ে চালকদের চোখে-মুখে পড়ছে। ফলে যানবাহন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহনের চালকদের বেশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি বালু ছড়িয়ে পড়ায় পরিবেশদূষণও হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বালুর স্তূপের কারণে সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া এসব স্তূপের আড়ালে রাতে ডাকাতির ঘটনা ঘটছে। গত এক মাসে এই সড়কে পাঁচ থেকে ছয়টি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাঁরা। প্রকাশ্যে মহাসড়কের জায়গা দখল করে বালুর ব্যবসা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় অটোরিকশাচালক দুলাল মিয়া বলেন, ‘এই মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করি। বাতাস উঠলেই বালু উড়ে চোখে ঢুকে যায়, সামনে কিছু দেখা যায় না। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
সিএনজিচালক বাসার মিয়া বলেন, ‘এই সড়ক দিয়ে নিয়মিত যাত্রী পরিবহন করি। কালিকাপ্রসাদ এলাকায় সড়কের দুই পাশে উঁচু করে বালু স্তূপ করে একটি চক্র ব্যবসা করছে। গাড়ি চলাচলের সময় বাতাসে বালু উড়ে চোখে পড়ে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
সড়কে চলাচলকারী মোটরসাইকেল আরোহী জামাল মিয়া বলেন, ‘সড়কের জায়গা দখল করে একটি চক্র অবৈধভাবে বালুর ব্যবসা করছে। কোনো নিয়মনীতি না মেনে যেকোনো সময় সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে বালু ওঠানো-নামানো হচ্ছে। এতে আমাদের চলাচলে সমস্যা হচ্ছে। এ সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
স্থানীয় বাসিন্দা মো. সোহান আহমেদ বলেন, সড়কের পাশের বেশ কয়েকটি জায়গা দখল করে বালুর স্তূপ রেখে ব্যবসা চালানো হচ্ছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সড়কের ওপর বালু ছড়িয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। দ্রুত এসব বালু সরানো না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
কালিকাপ্রসাদ গাজিরটেক এলাকার বালু ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা নিজেদের ও সওজের জায়গায় বালুর ব্যবসা করে আসছি। এ জন্য কারও কাছ থেকে কোনো অনুমতি নিইনি। বালু ট্রাকে ওঠানো-নামানোর সময় সড়কে যান চলাচলে কিছুটা দুর্ভোগ সৃষ্টি হয়, তা অস্বীকার করার কিছু নেই। তবে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে এ নিয়ে কোনো অভিযোগ করেননি।’
নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দিন বলেন, এভাবে সড়কের পাশে বালুর ব্যবসা চলায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। অথচ প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ভৈরব সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী স্বর্ণা আক্তার বলেন, ‘বালু উত্তোলন করে সড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে, সেই জায়গাটি মহাসড়কের অন্তর্ভুক্ত। বিষয়টি আমি সাম্প্রতিক সময়ে অবগত হয়েছি। আপনাদের মাধ্যমেও জেনেছি। যেহেতু সড়কটি দিয়ে যানবাহন চলাচল করে, তাই চালক ও যাত্রীদের অসুবিধা হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হবে। এ ছাড়া সওজের জায়গা অনুমতি ছাড়া দখল করে কীভাবে বালুর ব্যবসা করা হচ্ছে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ বলেন, ‘মহাসড়কের পাশে সওজের জায়গায় বালু রেখে ব্যবসা করা অত্যন্ত গর্হিত কাজ। সড়ক ও জনপথ বিভাগ বালু সরানোর উদ্যোগ নিলে উপজেলা প্রশাসন অবশ্যই সহযোগিতা করবে এবং আইনগত ব্যবস্থা নেবে।’
Disqus comments are not configured yet.