আমন ধান সংগ্রহে কটিয়াদীতে লটারি, ২৪৭ কৃষকের জন্য বরাদ্দ ৭৪১ টন
কৃষকদের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহ এবং উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি খাদ্য সংগ্রহ কর্মসূচির আওতায় লটারির মাধ্যমে ২৪৭ জন কৃষক নির্বাচিত হয়েছেন। ২০২৫-২৬ অর্থবছরের আমন ধান সংগ্রহ মৌসুমে নির্বাচিত এসব কৃষকের কাছ থেকে মোট ৭৪১ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। জেলার উপজেলাগুলোর মধ্যে কটিয়াদী দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ ধান সংগ্রহের বরাদ্দ পেয়েছে। সরকার নির্ধারিত প্রতি কেজি ৩৫ টাকা দরে নির্বাচিত কৃষকরা সরাসরি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে পারবেন।
মঙ্গলবার দুপুরে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ লটারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।
এ সময় তিনি বলেন, কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নিয়েছে। লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের নির্বাচন করা হচ্ছে, যাতে সবাই সমান সুযোগ পান। এ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, অনিয়ম কিংবা পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। নির্বাচিত কৃষকরা যাতে নির্বিঘ্নে সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে পারেন, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ, ওসি এলএসডি ছানোয়ার হোসেন, কটিয়াদী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. জজ মিয়াসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কৃষক প্রতিনিধিরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ জানান, লটারির মাধ্যমে নির্বাচিত ২৪৭ জন কৃষকের কাছ থেকে মোট ৭৪১ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরকারের কাছে বিক্রি করতে পারবেন। প্রতি কেজি ধানের সরকারি সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। নির্বাচিত কৃষকরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে সরাসরি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে পারবেন।
তিনি আরও জানান, সরকারের এ উদ্যোগের ফলে কৃষকরা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীল না হয়ে সরাসরি সরকারি ব্যবস্থাপনায় ধান বিক্রির সুযোগ পাবেন। এতে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি তাঁদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারি এ সংগ্রহ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য হচ্ছে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বাজারে ধানের দাম স্থিতিশীল রাখা এবং সরকারি খাদ্য মজুত সমৃদ্ধ করা। বিশেষ করে মৌসুমের শুরুতে কৃষকরা যাতে উৎপাদিত ধান বিক্রি করে ন্যায্য দাম পান, সে লক্ষ্যেই সরাসরি কৃষক পর্যায় থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
লটারি অনুষ্ঠানে উপস্থিত কৃষক প্রতিনিধিরা এ পদ্ধতিকে স্বচ্ছ ও কৃষকবান্ধব উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তাঁদের মতে, লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করায় ধান বিক্রির ক্ষেত্রে অনিয়ম ও প্রভাব বিস্তারের আশঙ্কা কমবে। একই সঙ্গে সরকারি নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ পাওয়ায় কৃষকরা উপকৃত হবেন।













Disqus comments are not configured yet.