কিশোরগঞ্জে নারীর কাছ থেকে প্রায় ৪ হাজার ইয়াবা উদ্ধার
কিশোরগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেল, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত কিশোরগঞ্জ মডেল থানাধীন বিন্নাটি বাজার এলাকায় ঈসাখাঁ ট্রান্সপোর্ট অফিসের পশ্চিম পাশে সড়কে অভিযান চালানো হয়। এ সময় রোজিনা বেগমের কাছ থেকে অ্যামফিটামিনযুক্ত ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রোজিনা বেগম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি পুকুরপাড় এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম সোহাগ মিয়া। তিনি মৃত ইব্রাহীম ও মৃত রাবিয়ার মেয়ে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহ খান বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।













Disqus comments are not configured yet.