১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার
ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার এ পরিকল্পনার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তাঁর মুখপাত্র।
দেশে ফেরার নির্দিষ্ট তারিখ এবারই প্রথম ঘোষণা করলেন শেখ হাসিনা। এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম এবং এ মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ অন্যান্য নথির জন্য হাসিনার আবেদন করার পর থেকেই দেশে সহিংসতার ঘটনা বেড়েছে।
বাতিল হয়ে যাওয়া পাসপোর্ট ও অন্যান্য নথি পুনরায় পাওয়ার আবেদনের পাশাপাশি জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এবারও দিল্লি থেকে ঢাকায় তাঁর ফেরার জন্য সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানের পরিপন্থীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। তবে রোববার এক বাংলাদেশি মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান ওই মন্ত্রী।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
তবে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।










Disqus comments are not configured yet.