সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবার কার্যক্রম পরিদর্শনে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন

রুহুল আমিন প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবার কার্যক্রম পরিদর্শনে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন

শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন ও সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বার্তা নিয়ে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সফর করেছেন জেলা প্রশাসক সোহানা নাসরীন। দিনব্যাপী সফরে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও ক্রীড়াসামগ্রী বিতরণ, বিভিন্ন ক্লাব উদ্বোধন, উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচিতে অংশ নেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরীন। সফরকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরের শুরুতে ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ, ক্রীড়াসামগ্রী ও গাছ বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় তিনি অভিভাবক সমাবেশে যোগ দেন, বিদ্যালয়ের মাঠের মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন করেন এবং ওয়াশব্লকের উদ্বোধন করেন।

শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। ভাষা, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি করা গেলে শিশুরা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী হয়ে উঠবে। বিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে প্রশাসন সব সময় পাশে রয়েছে।

সকাল ১০টায় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব উদ্বোধন করেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় কল্পা ভাদেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশগেট ও সীমানাপ্রাচীর উদ্বোধন করেন। সেখানে অভিভাবক সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ, ক্রীড়াসামগ্রী ও গাছ বিতরণ করেন জেলা প্রশাসক।

বেলা ১১টায় তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি ক্লাব উদ্বোধন ও আইসিটিবিষয়ক বই বিতরণ করেন তিনি। এর ২০ মিনিট পর উপজেলা পরিষদ বিদ্যানিকেতনে কালচারাল ক্লাব উদ্বোধন করেন জেলা প্রশাসক।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭-এর বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ করেন তিনি।

সফরের অংশ হিসেবে রাউতি ও ধলা ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসামগ্রী, শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন, সদর ইউনিয়ন পরিষদে ফগার মেশিন এবং দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এরপর উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা পৌঁছে দেওয়া প্রশাসনের অন্যতম অঙ্গীকার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব।

বিকেলে জেলা প্রশাসক ধলা ইউনিয়ন ভূমি অফিস, ধলা ইউনিয়ন পরিষদ ও ধলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পর্যায়ক্রমে তাড়াইল উপজেলা ভূমি অফিস ও উপজেলা কৃষি অফিসের কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরে উপজেলা বাংলোতে দুপুরের খাবার গ্রহণ করেন। বিকেল ৩টায় ব্র্যাক এনজিও পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর দিনব্যাপী সফরের কর্মসূচি শেষ হয়।

দিনব্যাপী সফরে শিক্ষা, স্বাস্থ্য, ভূমিসেবা, জনসেবা ও উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন

মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথচলা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাস্তবায়ন করতে চায় সরকার।

তিনি বলেন, বৈঠকে দেশের মানুষের স্বার্থ ও জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। পলাতক স্বৈরাচারের অপশক্তি দেশের বাইরে অবস্থান করেও যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ। আজকের মতবিনিময়ের মাধ্যমে সেই ঐক্যের বার্তা সবার কাছে পৌঁছে দিতে চায় সরকার।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ ও মত-পথের মানুষ একত্রিত হয়েছিল। তারা এমন একটি বাংলাদেশ গড়তে চেয়েছিল, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে। আজকের বৈঠকে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে।

মাহদী আমিন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম। আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা, মানবাধিকার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। দেশকে এগিয়ে নিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতিফলন ঘটিয়ে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও গণমানুষের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। এসব ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকা প্রয়োজন।

এনসিপির সঙ্গে নতুন করে ঐক্য গঠনের কোনো বিষয় রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। তখন কেউ কার রাজনৈতিক আদর্শ কী, তা বিবেচনা করেনি। দেশে-বিদেশে সব শ্রেণি-পেশার মানুষ একটি স্বাধীন, সার্বভৌম ও তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল।

রাষ্ট্রের মালিক একমাত্র জনগণ উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ—এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্রকামী মানুষের মধ্যে ইতোমধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সরকার সেই ঐক্যকে আরও সুসংহত করতে চায়।

সংস্কার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও বলেছেন, বিএনপি নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে যে অঙ্গীকার করেছে, তা নোট অব ডিসেন্টসহ শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি হবে না।

তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক প্রায় শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে।

এর আগে দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়। প্রায় ৪০ মিনিটের বৈঠকটি শেষ হয় দুপুর ২টায়।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী এনসিপি নেতাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।

বিদ্যালয় কর্মচারীর মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের নির্দেশ শিক্ষা কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
বিদ্যালয় কর্মচারীর মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের নির্দেশ শিক্ষা কর্মকর্তার

কিশোরগঞ্জের ইটনার বড়হাতকাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসে এক কর্মচারীর মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। ওই কর্মচারীর বিরুদ্ধে বিদ্যালয়ে মাদক সেবন, মাদকসেবীদের নিয়ে আড্ডা এবং মাদক বিক্রির অভিযোগও রয়েছে। এর আগে অভিযোগের ভিত্তিতে শিক্ষা বিভাগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেও নতুন করে ভিডিওটি ছড়িয়ে পড়ায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

অভিযুক্ত কর্মচারীর নাম জুনাহিদ মিয়া। তিনি ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাতকাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুনাহিদ মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে মাদক সেবনের অভিযোগ রয়েছে। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে মাদকসেবীদের নিয়ে আড্ডা এবং মাদক কেনাবেচার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে ইটনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

তবে আগের তদন্ত ও পদক্ষেপের পরও তাঁর বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ অব্যাহত রয়েছে বলে দাবি স্থানীয়দের। সম্প্রতি তাঁর মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে সামনে আসে। ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

বিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারীর বিরুদ্ধে মাদকসংশ্লিষ্ট এমন অভিযোগ শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। তাঁদের আশঙ্কা, বিদ্যালয় প্রাঙ্গণে মাদক সেবন, মাদকসেবীদের আনাগোনা কিংবা মাদক কেনাবেচার মতো কর্মকাণ্ড শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ ব্যাহত করতে পারে। বিশেষ করে শিশুদের জন্য এমন পরিবেশের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুরক্ষায় দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন কর্মচারীর বিরুদ্ধে মাদকসংশ্লিষ্ট গুরুতর অভিযোগ ওঠা এবং পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ার ঘটনায় প্রশাসনিক নজরদারি ও পূর্ববর্তী তদন্তের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি জানার পর ইটনা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইটনা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম এহছানুল হক বলেন, ‘বড়হাতকাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী জুনাহিদ মিয়ার মাদক সেবনের ভিডিওটি ২০২৪ সালের। পুরোনো সেই ভিডিও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা আগেও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ভিডিওটি বিশ্লেষণসহ বিষয়টি আরও খতিয়ে দেখতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে (এটিও) নির্দেশনা দেওয়া হয়েছে। এবার তদন্তের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে, অভিযুক্ত জুনাহিদ মিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরও সহজ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে এসকে গ্রুপ।

প্রতিনিধিদল এ বিষয়ে তাদের বিস্তারিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে। তারা জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ীকেও একটি এনার্জি হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। পাশাপাশি দেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে তাদের আগ্রহের কথা জানায়।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।