নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ বাড়ানো, সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং ভোক্তাদের কাছে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গুদামজাতকরণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংস্থাটির নিজস্ব গুদামে পণ্য সংরক্ষণের সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এ লক্ষ্যে নতুন গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। তিনি বলেন, অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়ার পাশাপাশি নিজস্ব গুদাম নির্মাণের মাধ্যমে সংস্থাটির সংরক্ষণ সক্ষমতা বাড়ানো হচ্ছে।
বর্তমানে নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে টিসিবির মোট পণ্য সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। নতুন গুদাম যুক্ত হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ সক্ষমতা বেড়ে প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে দাঁড়াবে বলে আশা করছে সংস্থাটি।
দীর্ঘমেয়াদে টিসিবির নিজস্ব গুদামের সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছর এ পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় কাজ শুরুর কথা রয়েছে।
গুদাম সম্প্রসারণের পাশাপাশি আপৎকালীন মজুদ বা বাফার স্টক বাড়ানোর উদ্যোগও নিয়েছে টিসিবি। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, মজুদের পরিমাণ ও ব্যবস্থাপনা নির্ধারণে একটি সম্ভাব্যতা সমীক্ষা শুরু হয়েছে। সমীক্ষাটি সম্পন্ন হতে প্রায় এক বছর লাগতে পারে।
টিসিবির চেয়ারম্যান বলেন, বাফার স্টক বাড়ানোর লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হয়েছে। বাজারে চাহিদার আকস্মিক পরিবর্তন, পণ্য সংগ্রহে বিলম্ব কিংবা সরবরাহব্যবস্থায় কোনো বিঘ্ন দেখা দিলে তা মোকাবিলায় পর্যাপ্ত মজুদ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
টিসিবি নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য অন্তত এক মাসের বিতরণ চাহিদা পূরণের মতো মজুদ রাখতে চায়। পাশাপাশি পরিচালনাগত প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
বিশেষ করে পবিত্র রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ মৌসুমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম পণ্য সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজন হয়। গুদাম সক্ষমতা বাড়লে টিসিবির পক্ষে আগেভাগে বেশি পরিমাণ পণ্য সংগ্রহ করে চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহ করা সহজ হবে।
বর্তমানে নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ট্রাকের মাধ্যমেও পণ্য বিতরণ করছে টিসিবি। এসব কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা, পণ্য সংগ্রহের পরিমাণ এবং বিতরণের সময়সূচি অনুযায়ী গুদামের চাহিদা নির্ধারণ করা হয়।
নিজস্ব ও ভাড়া করা গুদামের সমন্বয়ে স্বল্পমেয়াদে সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে স্থায়ী অবকাঠামো গড়ে তুলতে চায় সংস্থাটি। সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে বাফার স্টকের পরিমাণ ও বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করা হবে।
টিসিবির এ উদ্যোগ বাস্তবায়িত হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা করছে সংস্থাটি। একই সঙ্গে স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার সক্ষমতাও বাড়বে।
Disqus comments are not configured yet.