রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম শ্রেণিতে ভর্তি: আবেদন ১–১০ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
প্রথম শ্রেণিতে ভর্তি: আবেদন ১–১০ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ

দেশের সব বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনলাইনে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণির শিক্ষার্থী নির্বাচন করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) গত ১৯ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে। এতে ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধু অনলাইনে gsa.teletalk.com.bd ঠিকানায় গ্রহণ করা হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে এ ফি পরিশোধ করতে হবে।

প্রার্থীরা আসনপ্রাপ্যতা সাপেক্ষে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। তবে ডাবল শিফটের কোনো প্রতিষ্ঠানের উভয় শিফট পছন্দ করলে তা দুটি পছন্দক্রম হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার পছন্দ করার সুযোগ থাকবে না।

অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি লিখিত পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ভর্তি কমিটির ব্যবস্থাপনায় সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে ২০২৭ সালের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ভর্তি নীতিমালা অনুসরণ করতে হবে। পাশাপাশি বিভিন্ন কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানপ্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আবেদন ফরম জমা দেওয়ার তারিখ ও সময়ও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

মাউশি জানিয়েছে, প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে অনলাইনে শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভর্তি কার্যক্রম ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে। একই সঙ্গে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ভর্তি আবেদন পূরণ ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dshe.gov.bd) ‘সেকেন্ডারি সার্কুলার/অর্ডার’ বিভাগ এবং টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ভর্তি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সিএজির কার্যালয়ে ৩৪১ জনের চাকরির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
সিএজির কার্যালয়ে ৩৪১ জনের চাকরির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে (ফিমা) জনবল নিয়োগ দেওয়া হবে। পৃথক তিনটি পদে মোট ৩৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ২৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি পদ হলো জুনিয়র অডিটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক।

পদের নাম ও যোগ্যতা

১. জুনিয়র অডিটর

  • পদসংখ্যা: ৭০টি
  • বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

২. কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ৬২টি
  • বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৩. অফিস সহায়ক

  • পদসংখ্যা: ২০৯টি
  • বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনে সিএজির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের (https://cag.teletalk.com.bd/) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে করিমগঞ্জ কলেজ মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কলেজ মোড়ে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আনন্দ বাজার ও নয়াকান্দি মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলের আগে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন (ভিপি সুমন)। এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মানুষের প্রত্যাশা অনুযায়ী শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

তাঁরা আরও বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।

কটিয়াদী থানায় হামলা-অগ্নিসংযোগের হুমকি, ওসিকে গালাগাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
কটিয়াদী থানায় হামলা-অগ্নিসংযোগের হুমকি, ওসিকে গালাগাল

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিপুলসংখ্যক বৈঠা জব্দের ঘটনার পর এবার থানায় হামলা ও অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে সামাজিক যোগাযোগমাধ্যমে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

থানা ও পুলিশ সূত্রে জানা যায়, ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থানায় অগ্নিসংযোগের হুমকি দিয়ে পোস্ট করা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এর আগে বুধবার রাতে নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে তৈরি করা ৪০০টি বৈঠা উদ্ধার করে পুলিশ। কটিয়াদী উপজেলার ধুলদিয়া বাজারের একটি আসবাবের দোকানে অভিযান চালিয়ে এসব বৈঠা জব্দ করা হয়। এ সময় বৈঠা তৈরির কারিগর জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তবে যাঁর নির্দেশে এসব বৈঠা তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ, সেই রঞ্জু অভিযানের খবর পেয়ে আগেই সরে পড়েন।

কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ফেসবুকে ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের অ্যাকাউন্ট থেকে থানায় আগুন দেওয়ার হুমকি এবং তাঁকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করা একটি পোস্ট তিনি দেখতে পান। তাঁর ধারণা, এটি একটি ভুয়া আইডি।

ওসি বলেন, পোস্টটিতে কারা লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন এবং অ্যাকাউন্টটির বন্ধুতালিকায় কারা রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে হুমকিদাতাকে শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইতিমধ্যে এ ঘটনায় জিডি করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিকে শনাক্তের কাজ চলছে।