ভৈরব ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত বাসে পেট্রোলবোমা নিক্ষেপ
সংগ্রহীত ছবি
কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত একটি বাসে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বাসের সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হলেও চালক, সহকারী (হেলপার) ও যাত্রীদের কেউ হতাহত হননি। তবে এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে পৌর শহরের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী ‘যাতায়াত পরিবহন’-এর একটি বাস লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি জগন্নাথপুর এলাকা অতিক্রম করার সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত বাসটির সামনের গ্লাস লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়ে। এতে বাসের সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও চালক ও স্থানীয়দের সহায়তায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বাসের চালক, হেলপার ও কোনো যাত্রী আহত হননি।
ঘটনার খবর পেয়ে ভৈরব সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।













Disqus comments are not configured yet.