আওয়ামী লীগের সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেওয়ার হুঁশিয়ারি রিজভীর
দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টিকারী ‘পঞ্চম বাহিনীকে’ আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শুরু থেকেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছিল। কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড ধৈর্যের সীমা অতিক্রম করছে। তাদের ‘সর্বনাশা সন্ত্রাসের পরিকাঠামো’ ভেঙে দেওয়া হবে। সরকারও এ বিষয়ে অত্যন্ত তৎপর।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, অগণতান্ত্রিক বা অমানবিক পন্থায় নয়, বরং জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে আওয়ামী লীগকে পথে পথে প্রতিহত করা হবে। তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পরাজিত শক্তি বিদেশে বসে অর্থ ও মদদ দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা পুলিশের বক্স ও গাড়িতে আগুন দেওয়া, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক। সাবেক আমলের কিছু সুবিধাবাদী ব্যক্তি গোপালগঞ্জকে সন্ত্রাসের পশ্চাৎভূমি হিসেবে ব্যবহার করতে চাইছেন। তবে তা আর সম্ভব হবে না। সেখানে তাঁদের নেতা সেলিমুজ্জামান সেলিম ও স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়ি পুড়িয়ে তছনছ করা হয়েছে। এ ছাড়া ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের নেতাকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ১ হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণের রক্ত ঝরার পরও শেখ হাসিনার রক্ততৃষ্ণা মেটেনি। দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা বিভিন্ন দেশে ফ্ল্যাট, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলছেন। অন্যদিকে বাংলাদেশে অর্থের বিনিময়ে বিভিন্ন মহল্লা, গ্রাম ও ওয়ার্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের একটি অডিওর প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ওই অডিওতে প্রতিটি ইউনিয়নে বিএনপি নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কি না, তা নিয়ে সন্দেহ থাকলেও ফ্যাক্ট-চেকের মাধ্যমে এতে মোজাম্মেল হকের কণ্ঠস্বর স্পষ্ট বলে নিশ্চিত হওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
রিজভী বলেন, এই পঞ্চম বাহিনীর বিরুদ্ধে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের প্রতিহত করা হবে। গ্রাম, মহল্লা, ওয়ার্ড ও পথে পথে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সংবাদ সম্মেলনে আগামী ডিসেম্বর মাসে বিজয় দিবসসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানান তিনি।
রিজভী বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। এ ছাড়া ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নেওয়া হবে। দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে পালন করবে দলটি।
রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাইয়েদুল আলম বাবুল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও সদস্যসচিব জাকির হোসেন রোকন, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসিন আলী এবং মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।










Disqus comments are not configured yet.