ভৈরবে শীতকালীন সবজির চারায় রোগ, বিপাকে কৃষক
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের কামারকান্দা গ্রামে শীতকালীন সবজির চারায় পচন ও ঢলে পড়া রোগ দেখা দিয়েছে। এতে প্রায় ২০ থেকে ৩০ জন কৃষক লোকসানের মুখে পড়েছেন। স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ওষুধ ব্যবহার করেও চারাগাছ রক্ষা করতে পারছেন না তাঁরা। বারবার চারা রোপণ করেও সুফল না পাওয়ায় চাষাবাদ নিয়ে চরম হতাশায় পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের অভিযোগ, চারা রোপণের ১৫ থেকে ২০ দিন পর থেকেই গাছের গোড়ায় পচন ও পাতা ঢলে পড়ার লক্ষণ দেখা দেয়। টমেটো, মুলা, আলু, মরিচ, লম্বা বেগুন ও ঢেঁড়সসহ বিভিন্ন সবজির চারা ধীরে ধীরে মরে যাচ্ছে। রোগটি শনাক্ত করতে কৃষক ও স্থানীয় কৃষি কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন। লোকসান কাটিয়ে উঠতে সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কামারকান্দা গ্রামের কৃষক জাকির হোসেন জানান, কৃষি কর্মকর্তার পরামর্শে মালচিং পদ্ধতিতে টমেটোর চারা রোপণ করেছিলেন তিনি। কিন্তু রোপণের ২০ থেকে ২৫ দিন পর ফুল আসার সময় গাছগুলো মরে যেতে শুরু করে। পাঁচবার চারা রোপণ করেও সফল হননি। বিভিন্ন কীটনাশক ও সার ব্যবহার করেও কোনো ফল পাননি। কৃষানি হেলেনা বেগম বলেন, কিস্তিতে টাকা নিয়ে জমি বর্গা করে চাষাবাদ করেছিলেন। কিন্তু মরিচ ও আলুসহ সবজি নষ্ট হয়ে গেছে। এখন কিস্তির টাকা পরিশোধ এবং সংসারের খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। একই অভিযোগ কৃষক জরিনা ও মোখশেদ মিয়ার। মোখশেদ মিয়া জানান, তিনি সাত হাজার টমেটোর চারা কিনেছিলেন। এসব চারার পেছনে তাঁর খরচ হয়েছে ২২ হাজার টাকা। কিন্তু সব চারা নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। উদ্যোক্তা কাউছার মিয়া জানান, দুই দফায় মরিচ ও অন্যান্য সবজি চাষ করে তাঁর ২০ থেকে ২৫ হাজার টাকা লোকসান হয়েছে। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিপু সুলতান জানান, চারাগুলো মূল জমিতে রোপণের কিছুদিন পরই নষ্ট হয়ে যাচ্ছে। কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছেন। শীতকালীন সবজিতে পাতা মরা ও গাছ ঢলে পড়ার রোগ মাঝেমধ্যে দেখা দেয়। এ ধরনের সমস্যা সমাধানে কৃষি বিভাগ মাঠপর্যায়ে কাজ করছে।













Disqus comments are not configured yet.