নারী-শিশু নির্যাতনের ৩৮ ডেথ রেফারেন্স মামলার রায় দিলেন হাইকোর্ট
নারী ও শিশু নির্যাতন মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ। অল্প সময়ের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩৮টি ডেথ রেফারেন্স মামলার রায় ঘোষণা করেছেন এই বেঞ্চের বিচারপতিরা।
এদিকে উচ্চ আদালতে ডেথ রেফারেন্স মামলার দীর্ঘদিনের জট কমাতে এ ধরনের আরও কয়েকটি বিশেষ বেঞ্চ গঠনের প্রত্যাশা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তাঁদের মতে, বিশেষ বেঞ্চের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি শুনানির জন্য বেঞ্চের সংখ্যা বাড়ানো হলে মামলা নিষ্পত্তির গতি আরও বাড়বে
দেশের ফৌজদারি বিচারব্যবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন নেওয়ার প্রক্রিয়াকে ডেথ রেফারেন্স বলা হয়। প্রচলিত আইন অনুযায়ী, দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিংবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল কোনো আসামিকে মৃত্যুদণ্ড দিলে সেই রায় কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী, বিচারিক আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করলে মামলার যাবতীয় নথিপত্র হাইকোর্টে পাঠাতে হয়। সেখানে মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারাধীন ডেথ রেফারেন্স মামলার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত আদালতে বিচারাধীন ছিল ১ হাজার ৩০১টি ডেথ রেফারেন্স মামলা।
গত ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাসে হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে মাত্র ১০টি ডেথ রেফারেন্স মামলা।
সুপ্রিম কোর্টের আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, পর্যায়ক্রমে শুনানির ধারাবাহিকতায় বর্তমানে হাইকোর্টে ২০১৯-২০ সালে নথিভুক্ত ডেথ রেফারেন্স মামলাগুলোর শুনানি চলছে।
ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার অন্যতম কারণ হিসেবে পেপারবুক প্রস্তুতে দীর্ঘ সময় লাগা এবং মামলার তুলনায় শুনানির বেঞ্চের সংখ্যা কম থাকাকে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
তিনি বলেন, ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কারণে কারাগারের কনডেম সেলে অনেক আসামিকে বছরের পর বছর বন্দিজীবন কাটাতে হয়। অথচ পরবর্তী সময়ে দেখা যায়, তাঁদের কেউ কেউ হাইকোর্টের রায়ে খালাসও পান।
তাঁর মতে, ডেথ রেফারেন্স মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে অনেক আসামি কারাগারের কনডেম সেলের দীর্ঘ বন্দিদশা থেকে রেহাই পেতেন।
ডেথ রেফারেন্স মামলার পেপারবুকে বিচারিক আদালতে মামলা শুরুর সময় থেকে রায় ঘোষণা পর্যন্ত গুরুত্বপূর্ণ সব নথিপত্র সংকলিত থাকে। এতে মামলার এজাহার (এফআইআর), অভিযোগপত্র, অভিযোগ গঠন, আদেশ, সুরতহাল প্রতিবেদন, জব্দ তালিকা, ঘটনাস্থলের খসড়া মানচিত্র, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক বা ডিএনএ পরীক্ষাসহ বিভিন্ন বিশেষজ্ঞের প্রতিবেদন অন্তর্ভুক্ত থাকে।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মৃত্যুকালীন ঘোষণা, রাষ্ট্র ও আসামিপক্ষের সাক্ষীদের জবানবন্দি ও জেরা, ৩৪২ ধারায় আসামির বক্তব্য, আদালতে দাখিল করা দালিলিক সাক্ষ্য, বিচারিক আদালতের পূর্ণাঙ্গ রায় এবং আসামিপক্ষের আপিল বা জেল আপিলের নথিও এতে থাকে। সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে পেপারবুক ছাপা হয়ে হাইকোর্টে শুনানির জন্য প্রস্তুত হয়।
উচ্চ আদালতে ডেথ রেফারেন্স মামলার জট প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ডেথ রেফারেন্স মামলার শুনানির জন্য পেপারবুক তৈরি করতে সময় লাগে, এটি সত্য। তবে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর মামলা শুনানির জন্য আদালতে এলে নিষ্পত্তিতে বিলম্ব হওয়ার কথা নয়।
তিনি বলেন, এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দণ্ডিত ব্যক্তির আইনজীবী ও রাষ্ট্রপক্ষকে আন্তরিক হতে হবে। পাশাপাশি বিচারকদেরও আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সম্প্রতি অল্প সময়ের মধ্যে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ নারী ও শিশু নির্যাতন মামলার ৩৮টি ডেথ রেফারেন্সের রায় ঘোষণা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
নিম্ন আদালতের কিছু বিচারকের গণহারে মৃত্যুদণ্ড দেওয়ার প্রবণতা নিয়েও কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তাঁর মতে, এ ধরনের রায়ের কারণে পরবর্তী সময়ে হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলার সংখ্যা বাড়ে এবং মামলা জট তৈরি হয়।
উদাহরণ হিসেবে তিনি ফেনীর নুসরাত হত্যা মামলার কথা উল্লেখ করেন। ওই মামলায় ট্রাইব্যুনালের বিচারক ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। হাইকোর্ট ওই রায়কে ‘মাইন্ডলেস সেন্টেন্স’ হিসেবে উল্লেখ করেন। পরবর্তী সময়ে ওই বিচারককে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
সেন্টেন্সিং গাইডলাইনের প্রয়োজনীয়তা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো একটি হত্যাকাণ্ডের ঘটনায় যেন ঢালাওভাবে মৃত্যুদণ্ডের রায় দেওয়া না হয়, সে জন্য ফৌজদারি মামলার বিচারে সেন্টেন্সিং গাইডলাইন থাকা প্রয়োজন। দেশে এ ধরনের কোনো নির্দেশিকা নেই। এটি চালু হলে বিচারিক বৈপরীত্য দূর হওয়ার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ডেথ রেফারেন্স মামলার জট কমতে পারে।
সর্বশেষ গত ২৪ অক্টোবর প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ৫৭টি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে হাইকোর্টের পাঁচটি বেঞ্চে ডেথ রেফারেন্স মামলার বিচারিক কার্যক্রম চলছে।
এর মধ্যে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হচ্ছে।
ফৌজদারি কার্যবিধির ৩৭৫ থেকে ৩৭৯ ধারায় ডেথ রেফারেন্স শুনানির প্রক্রিয়া ও হাইকোর্টের ক্ষমতা বর্ণনা করা হয়েছে। আইন অনুযায়ী, হাইকোর্ট চাইলে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখতে পারেন। আবার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন বা অন্য কোনো দণ্ড দিতে পারেন কিংবা আসামিকে খালাস দিতে পারেন। এ ছাড়া মামলাটি পুনঃতদন্ত বা নতুন করে বিচারের নির্দেশও দিতে পারেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে গত ১০ জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই বেঞ্চ গত ১৭ নভেম্বর পর্যন্ত ৩৮টি মামলার রায় ঘোষণা করেছেন।
এই বেঞ্চ ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ১০ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে গত ২৪ আগস্ট রায় দেন।
অন্যদিকে, মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে গত ৩১ আগস্ট রায় ঘোষণা করেন হাইকোর্ট।
এ ছাড়া রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায়ে গত ১৭ নভেম্বর আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল এবং তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়ে রায় দেন এই বিশেষ বেঞ্চ।













Disqus comments are not configured yet.