রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
আওয়ামী লীগ নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে: মীর শাহে আলম
আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সেই উদ্যোগ নেবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২১ নভেম্বর) রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের নামে রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ এবং নতুন ইনডোর স্টেডিয়ামের নাম ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ রেখে উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তাঁর দুই ভাই উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দু-একটি থানা পুড়িয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে এর অর্থ এই নয় যে সরকার দুর্বল।

রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিষয়ে মীর শাহে আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেডিয়ামটি শুধু ক্রীড়ার স্থান নয়, সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেও পরিচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনের উপযোগী পরিবেশ তৈরি করতে প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হবে। রংপুরের উন্নয়নে ইতিমধ্যে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া বৃহত্তর উত্তরাঞ্চলের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মীর শাহে আলম বলেন, সারা দেশে অগ্নিসংযোগ বা সহিংসতা চলছে না। একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা ঘটছে। সামগ্রিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে স্থানীয় বিএনপি রেজল্যুশনের মাধ্যমে কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবে। দলের সিদ্ধান্ত ও সমর্থনের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান শামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশিদ, জেলা প্রশাসক ইসরাত জাহান ও পুলিশ সুপার মোজাম্মেল হকসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে করিমগঞ্জ কলেজ মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কলেজ মোড়ে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আনন্দ বাজার ও নয়াকান্দি মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলের আগে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন (ভিপি সুমন)। এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মানুষের প্রত্যাশা অনুযায়ী শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

তাঁরা আরও বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।

বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে অধিনায়ক মার্করাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে অধিনায়ক মার্করাম

বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে চোট পেয়ে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর পরিবর্তে সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। আর বাভুমার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন টনি ডি জর্জি।

এ ছাড়া আরও একটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ টেস্টের জন্য ঘোষিত একাদশ থেকে বাদ পড়েছেন পেসার ডেন প্যাটারসন। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আনরিখ নর্কিয়া।

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান পায়ের কাফের পেশিতে চোট পান বাভুমা। ৪৯ রানে থাকতে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। পরে আবার ব্যাটিংয়ে নেমে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জোহানেসবার্গ টেস্ট জিতে নেওয়ায় দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং করতে হয়নি তাঁকে।

বাঁহাতি ব্যাটার টনি ডি জর্জি সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের নভেম্বরে ভারত সফরে। অন্যদিকে, ফাস্ট বোলার নর্কিয়া গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে তিন বছর পর টেস্ট দলে ফিরেছিলেন। তবে দুটি টেস্ট খেলার পর আবারও চোটে পড়েন তিনি। চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ দিয়ে দলে ফিরেছেন এই পেসার।

চোটের কারণে হাসান মাহমুদ ও মুশফিকুর রহিম ছিটকে পড়ায় সফরকারী বাংলাদেশের একাদশেও একাধিক পরিবর্তন আসতে পারে।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই মাঠে এর আগে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০০৮ সালে অনুষ্ঠিত সেই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দল ইনিংস ব্যবধানে হেরেছিল।

দক্ষিণ আফ্রিকার একাদশ: মার্কেস অ্যাকারম্যান, এইডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকেলটন (উইকেটকিপার), জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া।

ভৈরবে শীতকালীন সবজির চারায় রোগ, বিপাকে কৃষক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
ভৈরবে শীতকালীন সবজির চারায় রোগ, বিপাকে কৃষক

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের কামারকান্দা গ্রামে শীতকালীন সবজির চারায় পচন ও ঢলে পড়া রোগ দেখা দিয়েছে। এতে প্রায় ২০ থেকে ৩০ জন কৃষক লোকসানের মুখে পড়েছেন। স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ওষুধ ব্যবহার করেও চারাগাছ রক্ষা করতে পারছেন না তাঁরা। বারবার চারা রোপণ করেও সুফল না পাওয়ায় চাষাবাদ নিয়ে চরম হতাশায় পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের অভিযোগ, চারা রোপণের ১৫ থেকে ২০ দিন পর থেকেই গাছের গোড়ায় পচন ও পাতা ঢলে পড়ার লক্ষণ দেখা দেয়। টমেটো, মুলা, আলু, মরিচ, লম্বা বেগুন ও ঢেঁড়সসহ বিভিন্ন সবজির চারা ধীরে ধীরে মরে যাচ্ছে। রোগটি শনাক্ত করতে কৃষক ও স্থানীয় কৃষি কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন। লোকসান কাটিয়ে উঠতে সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কামারকান্দা গ্রামের কৃষক জাকির হোসেন জানান, কৃষি কর্মকর্তার পরামর্শে মালচিং পদ্ধতিতে টমেটোর চারা রোপণ করেছিলেন তিনি। কিন্তু রোপণের ২০ থেকে ২৫ দিন পর ফুল আসার সময় গাছগুলো মরে যেতে শুরু করে। পাঁচবার চারা রোপণ করেও সফল হননি। বিভিন্ন কীটনাশক ও সার ব্যবহার করেও কোনো ফল পাননি। কৃষানি হেলেনা বেগম বলেন, কিস্তিতে টাকা নিয়ে জমি বর্গা করে চাষাবাদ করেছিলেন। কিন্তু মরিচ ও আলুসহ সবজি নষ্ট হয়ে গেছে। এখন কিস্তির টাকা পরিশোধ এবং সংসারের খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। একই অভিযোগ কৃষক জরিনা ও মোখশেদ মিয়ার। মোখশেদ মিয়া জানান, তিনি সাত হাজার টমেটোর চারা কিনেছিলেন। এসব চারার পেছনে তাঁর খরচ হয়েছে ২২ হাজার টাকা। কিন্তু সব চারা নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। উদ্যোক্তা কাউছার মিয়া জানান, দুই দফায় মরিচ ও অন্যান্য সবজি চাষ করে তাঁর ২০ থেকে ২৫ হাজার টাকা লোকসান হয়েছে। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিপু সুলতান জানান, চারাগুলো মূল জমিতে রোপণের কিছুদিন পরই নষ্ট হয়ে যাচ্ছে। কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছেন। শীতকালীন সবজিতে পাতা মরা ও গাছ ঢলে পড়ার রোগ মাঝেমধ্যে দেখা দেয়। এ ধরনের সমস্যা সমাধানে কৃষি বিভাগ মাঠপর্যায়ে কাজ করছে।