রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিএজির কার্যালয়ে ৩৪১ জনের চাকরির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
সিএজির কার্যালয়ে ৩৪১ জনের চাকরির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে (ফিমা) জনবল নিয়োগ দেওয়া হবে। পৃথক তিনটি পদে মোট ৩৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ২৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি পদ হলো জুনিয়র অডিটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক।

পদের নাম ও যোগ্যতা

১. জুনিয়র অডিটর

  • পদসংখ্যা: ৭০টি
  • বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

২. কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ৬২টি
  • বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৩. অফিস সহায়ক

  • পদসংখ্যা: ২০৯টি
  • বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনে সিএজির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের (https://cag.teletalk.com.bd/) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

শেখ হাসিনাসহ বিদেশে থাকা অপরাধীদের ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
শেখ হাসিনাসহ বিদেশে থাকা অপরাধীদের ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে

শেখ হাসিনাকে ‘বঙ্গশত্রু’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, শেখ হাসিনাসহ অপরাধ করে দেশের বাইরে অবস্থানকারীদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সাইমুম পারভেজ বলেন, ‘শেখ হাসিনা কখনোই ডিসেম্বরে আসতে পারবেন না। আর আসতে চানও না, আসলে।’

তুরস্কের আনতালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে রবিবার (২২ নভেম্বর) ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের বর্তমান অবস্থা, গোপালগঞ্জের সহিংসতা, গণহত্যার বিচার ও রাজনৈতিক পুনর্মিলন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী।

সাইমুম পারভেজ বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে চলমান সংকটের মূলে রয়েছে আদর্শিক সমস্যা। রাজনৈতিক জবাবদিহি, স্বচ্ছতা ও জনগণের সঙ্গে সম্পর্ক হারিয়ে আওয়ামী লীগের অবশিষ্ট অংশ এখন একটি ছোট ‘কাল্টে’ পরিণত হয়েছে। সেখানে শেখ হাসিনা, শেখ মুজিব ও তাঁদের পরিবারের সদস্যদের একধরনের দেবত্ব দেওয়া হয়েছে। তাঁদের নিয়ে প্রশ্ন তোলারও সুযোগ নেই।

গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা নিজেদেরই হাসপাতাল ভাঙছে, নিজেদেরই রাস্তাঘাট কাটছে, নিজেদেরই দোকানপাট বন্ধ করে রাখছে।’ একটি শহর বা জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে যেসব কার্যক্রম প্রয়োজন, সেগুলো তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর প্রশ্ন, ‘এর ফলে আসলে কার কী উপকার হচ্ছে?’

আন্দোলন মোকাবেলায় বিএনপি সরকারের সঙ্গে আগের সরকারের পার্থক্য তুলে ধরে সাইমুম পারভেজ বলেন, সরকার রাষ্ট্রীয় সহিংসতার পথে যেতে চায় না; জনগণকে সঙ্গে নিয়েই পরিস্থিতি মোকাবেলা করতে চায়। আওয়ামী লীগের অবশিষ্ট অংশ রাজনৈতিক সহিংসতায় জড়িত একটি ছোট গোষ্ঠীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কয়েকটি এলাকায় গুপ্ত হামলা চালিয়ে বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলা সম্ভব হবে না বলে মনে করেন তিনি।

দেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় ও ক্ষমতার ভাগাভাগি নিয়ে বামপন্থী, ডানপন্থী, জামায়াত ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের সহিংসতা মোকাবেলার প্রশ্নে দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে বলে দাবি করেন সাইমুম পারভেজ।

আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, গণহত্যার পর অপরাধের দায় অস্বীকার করলে এবং অনুশোচনা না থাকলে রাজনৈতিক পুনর্মিলন সম্ভব নয়। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে জনগণের সঙ্গে বোঝাপড়ায় আসতে হবে। যারা অপরাধ করেছেন, তাঁদের আগে অপরাধ স্বীকার করতে হবে। একই সঙ্গে গণহত্যার জন্য দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানকারীদের বিচারের বিষয়ে তিনি বলেন, যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত কিংবা হত্যার নির্দেশ দিয়েছেন, স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তাঁদের অপরাধ অনুযায়ী শাস্তি নির্ধারণ করা হবে। আদালত ফাঁসি, যাবজ্জীবন বা অন্য যে সাজাই দেন, তা কার্যকর করা হবে। জনগণকে সঙ্গে নিয়েই সরকার এই বিচারপ্রক্রিয়া সম্পন্ন করবে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গে সাইমুম পারভেজ বলেন, দলটি বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় রাজনীতি করেছে। সরকার এমন কোনো পদক্ষেপ নিতে চায় না, যাতে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় কিংবা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। যারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, তাঁদের সমাজে পুনর্বাসনের চেষ্টা থাকবে।

এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা ও রুয়ান্ডার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক পুনর্মিলনের জন্য অপরাধীদের দায় স্বীকার করতে হয়। অপরাধ অস্বীকার কিংবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে পুনর্মিলনের পথ তৈরি হয় না

এদিকে কপ৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জন্য প্রায় ৭৮০ কোটি টাকার জলবায়ু অর্থায়ন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ড. সাইমুম পারভেজ। এ ছাড়া আরও প্রায় ২৭৫ কোটি টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জলবায়ু খাতে বিনিয়োগের জন্য জলবায়ু বিনিয়োগ তহবিল (সিআইএফ) থেকে বাংলাদেশ তিন কোটি মার্কিন ডলার পেয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৬৫ কোটি টাকা।

এ ছাড়া জি-৭ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগ ‘গ্লোবাল শিল্ড অ্যাগেইনস্ট ক্লাইমেট রিস্কস’-এর আওতায় বাংলাদেশকে তিন কোটি ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সাইমুম পারভেজ বলেন, জলবায়ু ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি জোরদার করাই এ অর্থায়নের উদ্দেশ্য। দুর্যোগের আগেই অর্থের ব্যবস্থা রাখা গেলে ক্ষয়ক্ষতির পর দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, গ্লোবাল শিল্ডের আওতায় অতিরিক্ত দুই কোটি ইউরো বা প্রায় ২৭৫ কোটি টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে। প্রথম পর্যায়ের কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ এ অর্থ পেতে পারে।

সিআইএফ ও গ্লোবাল শিল্ডের ঘোষিত অর্থায়ন মিলিয়ে বাংলাদেশ প্রায় ৭৮০ কোটি টাকা পাচ্ছে। প্রক্রিয়াধীন অর্থায়নও পাওয়া গেলে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকা।

প্রথম শ্রেণিতে ভর্তি: আবেদন ১–১০ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
প্রথম শ্রেণিতে ভর্তি: আবেদন ১–১০ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ

দেশের সব বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনলাইনে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণির শিক্ষার্থী নির্বাচন করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) গত ১৯ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে। এতে ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধু অনলাইনে gsa.teletalk.com.bd ঠিকানায় গ্রহণ করা হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে এ ফি পরিশোধ করতে হবে।

প্রার্থীরা আসনপ্রাপ্যতা সাপেক্ষে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। তবে ডাবল শিফটের কোনো প্রতিষ্ঠানের উভয় শিফট পছন্দ করলে তা দুটি পছন্দক্রম হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার পছন্দ করার সুযোগ থাকবে না।

অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি লিখিত পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ভর্তি কমিটির ব্যবস্থাপনায় সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে ২০২৭ সালের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ভর্তি নীতিমালা অনুসরণ করতে হবে। পাশাপাশি বিভিন্ন কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানপ্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আবেদন ফরম জমা দেওয়ার তারিখ ও সময়ও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

মাউশি জানিয়েছে, প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে অনলাইনে শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভর্তি কার্যক্রম ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে। একই সঙ্গে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ভর্তি আবেদন পূরণ ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dshe.gov.bd) ‘সেকেন্ডারি সার্কুলার/অর্ডার’ বিভাগ এবং টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ভর্তি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে করিমগঞ্জ কলেজ মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কলেজ মোড়ে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আনন্দ বাজার ও নয়াকান্দি মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলের আগে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন (ভিপি সুমন)। এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মানুষের প্রত্যাশা অনুযায়ী শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

তাঁরা আরও বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।