রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকুন্দিয়ায় দুই মাসেও সন্ধান মেলেনি বুলবুলের, স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
পাকুন্দিয়ায় দুই মাসেও সন্ধান মেলেনি বুলবুলের, স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি

সংগ্রহীত ছবি

স্বামীকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে নাসিমা বেগমের। কোথায় আছেন, কেমন আছেন, কিছুই জানেন না তিনি। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি নিখোঁজ হওয়ার পর একমাত্র মেয়েকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি স্বামী মো. বুলবুলের (৫১)।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে স্বামীকে ফিরে পাওয়ার আকুতি জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নাসিমা বেগম।

নিখোঁজ বুলবুল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী গ্রামের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন ও সহজ-সরল প্রকৃতির মানুষ।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর উপজেলার শিমুলিয়া সিস্টল গরুর বাজার এলাকা থেকে নিখোঁজ হন বুলবুল। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় তাঁর সন্ধান চেয়ে পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।

শুক্রবার বিকেলে সালুয়াদী এলাকায় বদরউদ্দিন ভূঁইয়ার বাড়ির প্রাঙ্গণে নিখোঁজ বুলবুলের পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে স্বামীকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে নাসিমা বেগম বলেন, ‘আমার স্বামী কিছুটা সহজ-সরল। লোকজন তাঁকে কম টাকা দিয়ে বিভিন্ন কাজ করাত। তিনি যা আয় করতেন, তা দিয়েই এক মেয়েকে নিয়ে আমাদের কোনোরকমে সংসার চলত। স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে আমরা অসহায় হয়ে পড়েছি। একদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি নেই, অন্যদিকে মেয়েকে নিয়ে চলতেও খুব কষ্ট হচ্ছে। দয়া করে আপনারা আমার স্বামীকে ফিরিয়ে এনে দেন।’

পরিবারের দাবি, গত ১৪ সেপ্টেম্বর পাশের বাড়ির কদ্দুছ মিয়া বুলবুলকে শিমুলিয়া সিস্টল গরুর বাজারে নিয়ে যান। সেখান থেকে আর বাড়ি ফেরেননি তিনি। দীর্ঘদিনেও তাঁর কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।

স্থানীয় ইউপি সদস্য ইমাম হোসেন মোড়ল বলেন, বুলবুল সহজ-সরল প্রকৃতির মানুষ। কাজকর্ম করে সংসার চালাতেন তিনি। তাঁকে খুঁজে পেতে একাধিকবার স্থানীয় এলাকা ও আশপাশে মাইকিং করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছে। বিভিন্নভাবে তাঁকে খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। কেউ তাঁর সন্ধান পেলে পরিবারকে জানানোর অনুরোধ জানান তিনি।

সাবেক ইউপি সদস্য ফেরদৌস ভূঁইয়া বলেন, বুলবুলের নিখোঁজের ঘটনায় এলাকার সবাই উদ্বিগ্ন। এলাকাবাসী হিসেবে তাঁরা পরিবারের খোঁজখবর নিচ্ছেন এবং তাঁকে খুঁজে পেতে মাইকিং করেছেন। সবাই তাঁর ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।

বুলবুলকে বাজারে নিয়ে যাওয়ার বিষয়ে কদ্দুছ মিয়া বলেন, ঘটনার দিন তিনি বুলবুলকে নিয়ে শিমুলিয়া সিস্টল গরুর বাজারে যান। পরে বুলবুল তাঁকে রেখেই চলে আসতে চান। তখন তাঁকে রুটি খেতে দিয়ে ১০০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। পরদিন সকালে জানতে পারেন, বুলবুল বাড়ি ফেরেননি। এ ঘটনায় তিনিও চিন্তিত বলে জানান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, নিখোঁজের বিষয়টি বার্তার মাধ্যমে দেশের সব থানায় পাঠানো হয়েছে। তাঁর সন্ধান পেতে পুলিশ কাজ করছে।

নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে করিমগঞ্জ কলেজ মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কলেজ মোড়ে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আনন্দ বাজার ও নয়াকান্দি মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলের আগে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন (ভিপি সুমন)। এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মানুষের প্রত্যাশা অনুযায়ী শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

তাঁরা আরও বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।

বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে অধিনায়ক মার্করাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে অধিনায়ক মার্করাম

বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে চোট পেয়ে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর পরিবর্তে সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। আর বাভুমার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন টনি ডি জর্জি।

এ ছাড়া আরও একটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ টেস্টের জন্য ঘোষিত একাদশ থেকে বাদ পড়েছেন পেসার ডেন প্যাটারসন। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আনরিখ নর্কিয়া।

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান পায়ের কাফের পেশিতে চোট পান বাভুমা। ৪৯ রানে থাকতে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। পরে আবার ব্যাটিংয়ে নেমে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জোহানেসবার্গ টেস্ট জিতে নেওয়ায় দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং করতে হয়নি তাঁকে।

বাঁহাতি ব্যাটার টনি ডি জর্জি সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের নভেম্বরে ভারত সফরে। অন্যদিকে, ফাস্ট বোলার নর্কিয়া গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে তিন বছর পর টেস্ট দলে ফিরেছিলেন। তবে দুটি টেস্ট খেলার পর আবারও চোটে পড়েন তিনি। চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ দিয়ে দলে ফিরেছেন এই পেসার।

চোটের কারণে হাসান মাহমুদ ও মুশফিকুর রহিম ছিটকে পড়ায় সফরকারী বাংলাদেশের একাদশেও একাধিক পরিবর্তন আসতে পারে।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই মাঠে এর আগে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০০৮ সালে অনুষ্ঠিত সেই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দল ইনিংস ব্যবধানে হেরেছিল।

দক্ষিণ আফ্রিকার একাদশ: মার্কেস অ্যাকারম্যান, এইডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকেলটন (উইকেটকিপার), জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া।

ভৈরবে শীতকালীন সবজির চারায় রোগ, বিপাকে কৃষক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
ভৈরবে শীতকালীন সবজির চারায় রোগ, বিপাকে কৃষক

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের কামারকান্দা গ্রামে শীতকালীন সবজির চারায় পচন ও ঢলে পড়া রোগ দেখা দিয়েছে। এতে প্রায় ২০ থেকে ৩০ জন কৃষক লোকসানের মুখে পড়েছেন। স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ওষুধ ব্যবহার করেও চারাগাছ রক্ষা করতে পারছেন না তাঁরা। বারবার চারা রোপণ করেও সুফল না পাওয়ায় চাষাবাদ নিয়ে চরম হতাশায় পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের অভিযোগ, চারা রোপণের ১৫ থেকে ২০ দিন পর থেকেই গাছের গোড়ায় পচন ও পাতা ঢলে পড়ার লক্ষণ দেখা দেয়। টমেটো, মুলা, আলু, মরিচ, লম্বা বেগুন ও ঢেঁড়সসহ বিভিন্ন সবজির চারা ধীরে ধীরে মরে যাচ্ছে। রোগটি শনাক্ত করতে কৃষক ও স্থানীয় কৃষি কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন। লোকসান কাটিয়ে উঠতে সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কামারকান্দা গ্রামের কৃষক জাকির হোসেন জানান, কৃষি কর্মকর্তার পরামর্শে মালচিং পদ্ধতিতে টমেটোর চারা রোপণ করেছিলেন তিনি। কিন্তু রোপণের ২০ থেকে ২৫ দিন পর ফুল আসার সময় গাছগুলো মরে যেতে শুরু করে। পাঁচবার চারা রোপণ করেও সফল হননি। বিভিন্ন কীটনাশক ও সার ব্যবহার করেও কোনো ফল পাননি। কৃষানি হেলেনা বেগম বলেন, কিস্তিতে টাকা নিয়ে জমি বর্গা করে চাষাবাদ করেছিলেন। কিন্তু মরিচ ও আলুসহ সবজি নষ্ট হয়ে গেছে। এখন কিস্তির টাকা পরিশোধ এবং সংসারের খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। একই অভিযোগ কৃষক জরিনা ও মোখশেদ মিয়ার। মোখশেদ মিয়া জানান, তিনি সাত হাজার টমেটোর চারা কিনেছিলেন। এসব চারার পেছনে তাঁর খরচ হয়েছে ২২ হাজার টাকা। কিন্তু সব চারা নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। উদ্যোক্তা কাউছার মিয়া জানান, দুই দফায় মরিচ ও অন্যান্য সবজি চাষ করে তাঁর ২০ থেকে ২৫ হাজার টাকা লোকসান হয়েছে। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিপু সুলতান জানান, চারাগুলো মূল জমিতে রোপণের কিছুদিন পরই নষ্ট হয়ে যাচ্ছে। কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছেন। শীতকালীন সবজিতে পাতা মরা ও গাছ ঢলে পড়ার রোগ মাঝেমধ্যে দেখা দেয়। এ ধরনের সমস্যা সমাধানে কৃষি বিভাগ মাঠপর্যায়ে কাজ করছে।