ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌরভ ঢাকায় গ্রেপ্তার
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঢাকার ভাটারা থানা পুলিশের যৌথ অভিযানে ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গত ২২ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আতিক আহমেদ সৌরভ ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার হেলাল উদ্দিন হেলু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় তিনি অন্যতম পলাতক আসামি ছিলেন।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার পর থেকে আতিক আহমেদ সৌরভ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
ওসি আরও জানান, সম্প্রতি ভৈরবের আঞ্চলিক সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে ককটেল এবং পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্প্রতি টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত একটি কনফারেন্সে যুক্ত হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে।
মো. বাহার মিয়া বলেন, ২২ নভেম্বর রাতে ভাটারা থানা পুলিশের সহায়তায় রাজধানীর ভাটারা এলাকা থেকে আতিক আহমেদ সৌরভকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।










Disqus comments are not configured yet.