সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে ককটেল বিস্ফোরণ, আ.লীগের ২৮ নেতাকর্মীসহ আসামি অজ্ঞাত ১২০

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ভৈরবে ককটেল বিস্ফোরণ, আ.লীগের ২৮ নেতাকর্মীসহ আসামি অজ্ঞাত ১২০
কিশোরগঞ্জের ভৈরবে থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।

গত ২০ নভেম্বর ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত ১০টা ১০ মিনিটের দিকে ৬ থেকে ৭টি মোটরসাইকেলে করে ১৩-১৪ জন দুর্জয় মোড় হয়ে ভৈরব থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে আসেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে দ্রুত মোটরসাইকেলে করে নরসিংদীর দিকে পালিয়ে যান।

খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে কিলো-৯৯ ডিউটিতে থাকা এসআই মো. সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরদিন ১১ নভেম্বর সকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল তল্লাশি করে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়। জব্দ করা আলামতের মধ্যে ছিল গাঢ় সবুজ রঙের টিনের কৌটা, ৩৬টি লোহার তারকাঁটা ও লাল রঙের স্কচটেপের টুকরা।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ইফতেখার হোসেন বেনু এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল মনসুর।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ১ থেকে ১২ নম্বর আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনা, অর্থায়ন ও সহায়তায় ১৩ থেকে ২৮ নম্বর আসামিসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা সংঘবদ্ধভাবে এ নাশকতা চালিয়েছেন। এ ছাড়া আসামিরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং গভীর রাতে সড়কে টায়ার জ্বালিয়ে চোরাগোপ্তা মিছিলের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে আসছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

বিনা ছুটিতে দীর্ঘদিন অনুপস্থিত, অর্থ বিভাগের পিওকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
বিনা ছুটিতে দীর্ঘদিন অনুপস্থিত, অর্থ বিভাগের পিওকে বাধ্যতামূলক অবসর
দীর্ঘদিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা ও অসদাচরণের অভিযোগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা ওই কর্মকর্তার নাম মো. রায়হানুল ইসলাম। তিনি অর্থ বিভাগে গ্রেড-১০ পদমর্যাদায় ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে অর্থ বিভাগের প্রশাসন-৪ অধিশাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জারি করা আদেশে সই করেছেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৫ জানুয়ারি থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন রায়হানুল ইসলাম। টানা ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকায় ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ গঠন করা হয়।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ২০২৬ সালের ১ নম্বর বিভাগীয় মামলা করা হয়। গত ১৫ মার্চ অভিযোগনামা ও অভিযোগের বিবরণী তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি লিখিত জবাব দেননি। পরে অভিযোগ তদন্তে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

গত ১ জুলাই জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়, রায়হানুল ইসলামের বিরুদ্ধে আনা অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রতিবেদন ও নথিপত্র যাচাই শেষে তাঁকে কেন চাকরিচ্যুত করা হবে না বা অন্য কোনো গুরুদণ্ড দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ২৭ জুলাই দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে তিনি জবাব দিলেও তা কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি।

পরবর্তী সময়ে বিধিমালা অনুযায়ী কী ধরনের গুরুদণ্ড দেওয়া যেতে পারে, সে বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত নেওয়া হয়। পিএসসি তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সুপারিশ করে।

তদন্ত প্রতিবেদন ও পিএসসির সুপারিশের আলোকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৪(৩)(খ) বিধি অনুযায়ী রায়হানুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

দেড় বছরে এক লাখ টন পণ্য মজুতের সক্ষমতা গড়বে টিসিবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
দেড় বছরে এক লাখ টন পণ্য মজুতের সক্ষমতা গড়বে টিসিবি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ বাড়ানো, সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং ভোক্তাদের কাছে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গুদামজাতকরণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংস্থাটির নিজস্ব গুদামে পণ্য সংরক্ষণের সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্যে নতুন গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। তিনি বলেন, অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়ার পাশাপাশি নিজস্ব গুদাম নির্মাণের মাধ্যমে সংস্থাটির সংরক্ষণ সক্ষমতা বাড়ানো হচ্ছে।

বর্তমানে নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে টিসিবির মোট পণ্য সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। নতুন গুদাম যুক্ত হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ সক্ষমতা বেড়ে প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে দাঁড়াবে বলে আশা করছে সংস্থাটি।

দীর্ঘমেয়াদে টিসিবির নিজস্ব গুদামের সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছর এ পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় কাজ শুরুর কথা রয়েছে।

গুদাম সম্প্রসারণের পাশাপাশি আপৎকালীন মজুদ বা বাফার স্টক বাড়ানোর উদ্যোগও নিয়েছে টিসিবি। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, মজুদের পরিমাণ ও ব্যবস্থাপনা নির্ধারণে একটি সম্ভাব্যতা সমীক্ষা শুরু হয়েছে। সমীক্ষাটি সম্পন্ন হতে প্রায় এক বছর লাগতে পারে।

টিসিবির চেয়ারম্যান বলেন, বাফার স্টক বাড়ানোর লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হয়েছে। বাজারে চাহিদার আকস্মিক পরিবর্তন, পণ্য সংগ্রহে বিলম্ব কিংবা সরবরাহব্যবস্থায় কোনো বিঘ্ন দেখা দিলে তা মোকাবিলায় পর্যাপ্ত মজুদ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

টিসিবি নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য অন্তত এক মাসের বিতরণ চাহিদা পূরণের মতো মজুদ রাখতে চায়। পাশাপাশি পরিচালনাগত প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

বিশেষ করে পবিত্র রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ মৌসুমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম পণ্য সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজন হয়। গুদাম সক্ষমতা বাড়লে টিসিবির পক্ষে আগেভাগে বেশি পরিমাণ পণ্য সংগ্রহ করে চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহ করা সহজ হবে।

বর্তমানে নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ট্রাকের মাধ্যমেও পণ্য বিতরণ করছে টিসিবি। এসব কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা, পণ্য সংগ্রহের পরিমাণ এবং বিতরণের সময়সূচি অনুযায়ী গুদামের চাহিদা নির্ধারণ করা হয়।

নিজস্ব ও ভাড়া করা গুদামের সমন্বয়ে স্বল্পমেয়াদে সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে স্থায়ী অবকাঠামো গড়ে তুলতে চায় সংস্থাটি। সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে বাফার স্টকের পরিমাণ ও বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করা হবে।

টিসিবির এ উদ্যোগ বাস্তবায়িত হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা করছে সংস্থাটি। একই সঙ্গে স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার সক্ষমতাও বাড়বে।

 

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত হচ্ছে। বেলা ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

এর আগে গতকাল রবিবার (২২ নভেম্বর) আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট থেকে পুনর্নিরীক্ষার ফল জানতে পারবেন। এ ছাড়া পুনর্নিরীক্ষণের আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। এতে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।