বিদ্যালয় কর্মচারীর মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের নির্দেশ শিক্ষা কর্মকর্তার
কিশোরগঞ্জের ইটনার বড়হাতকাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসে এক কর্মচারীর মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। ওই কর্মচারীর বিরুদ্ধে বিদ্যালয়ে মাদক সেবন, মাদকসেবীদের নিয়ে আড্ডা এবং মাদক বিক্রির অভিযোগও রয়েছে। এর আগে অভিযোগের ভিত্তিতে শিক্ষা বিভাগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেও নতুন করে ভিডিওটি ছড়িয়ে পড়ায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
অভিযুক্ত কর্মচারীর নাম জুনাহিদ মিয়া। তিনি ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাতকাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুনাহিদ মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে মাদক সেবনের অভিযোগ রয়েছে। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে মাদকসেবীদের নিয়ে আড্ডা এবং মাদক কেনাবেচার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে ইটনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
তবে আগের তদন্ত ও পদক্ষেপের পরও তাঁর বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ অব্যাহত রয়েছে বলে দাবি স্থানীয়দের। সম্প্রতি তাঁর মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে সামনে আসে। ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
বিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারীর বিরুদ্ধে মাদকসংশ্লিষ্ট এমন অভিযোগ শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। তাঁদের আশঙ্কা, বিদ্যালয় প্রাঙ্গণে মাদক সেবন, মাদকসেবীদের আনাগোনা কিংবা মাদক কেনাবেচার মতো কর্মকাণ্ড শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ ব্যাহত করতে পারে। বিশেষ করে শিশুদের জন্য এমন পরিবেশের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুরক্ষায় দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন কর্মচারীর বিরুদ্ধে মাদকসংশ্লিষ্ট গুরুতর অভিযোগ ওঠা এবং পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ার ঘটনায় প্রশাসনিক নজরদারি ও পূর্ববর্তী তদন্তের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি জানার পর ইটনা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ইটনা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম এহছানুল হক বলেন, ‘বড়হাতকাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী জুনাহিদ মিয়ার মাদক সেবনের ভিডিওটি ২০২৪ সালের। পুরোনো সেই ভিডিও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা আগেও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ভিডিওটি বিশ্লেষণসহ বিষয়টি আরও খতিয়ে দেখতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে (এটিও) নির্দেশনা দেওয়া হয়েছে। এবার তদন্তের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে, অভিযুক্ত জুনাহিদ মিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।










Disqus comments are not configured yet.