প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের কারণে বাংলাদেশের মানুষ আতঙ্কিত নয়, বরং সন্ত্রাসীদের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।
হুমায়ুন কবির বলেন, মনের জ্বালায় টাকা খরচ করে অনেক কিছু লেখানো যেতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা এক জিনিস নয়। এ দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে।
তিনি বলেন, ‘বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।’
শেখ হাসিনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিনি সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।
ব্রিফিংয়ের শুরুতে আমন্ত্রিত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের মানুষের অবস্থান বিদেশি প্রতিনিধিদের জানানো হয়েছে।
ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়ার প্রায় ৬০টি মিশনের প্রধান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।










Disqus comments are not configured yet.