ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌরভ ঢাকায় গ্রেপ্তার
সংগ্রহীত ছবি
কিশোরগঞ্জের ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে (৫০) রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঢাকার ভাটারা থানা পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর রাতেই তাঁকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, আতিক আহমেদ সৌরভ ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার হেলাল উদ্দিন হেলু মিয়ার ছেলে। তিনি ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন সৌরভ। এসব ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
কিশোরগঞ্জ জেলা ডিবির ওসি মো. বাহার মিয়া বলেন, সম্প্রতি ভৈরবের আঞ্চলিক সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায়ও সৌরভের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত একটি কনফারেন্সে যুক্ত হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে ভাটারা থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে সৌরভকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার বিকেলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।










Disqus comments are not configured yet.