মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ-৩ আসনে প্রার্থী হতে চান তাড়াইল বিএনপির সভাপতি

রুহুল আমিন প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জ-৩ আসনে প্রার্থী হতে চান তাড়াইল বিএনপির সভাপতি

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন সমাবেশ ও মিছিল করে শোডাউন করেছেন। পতিত স্বৈরাচারের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদের কথা জানিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তিনি দলীয় নেতা-কর্মী ও অনুসারীদের নিয়ে এ কর্মসূচি পালন করেন।

উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ঢাকঢোল পিটিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও অনুসারী তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি তাড়াইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়।

কিশোরগঞ্জ-৩ আসনটি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৬৬৩ জন। এর মধ্যে করিমগঞ্জ উপজেলায় ২ লাখ ৯১ হাজার ৫৭ জন এবং তাড়াইল উপজেলায় ১ লাখ ২১ হাজার ৬০৬ জন ভোটার রয়েছেন।

উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সারওয়ার হোসেন লিটন তাড়াইল থেকে প্রার্থী মনোনয়নের দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি জাতীয় অর্থনীতিকে বলেন, করিমগঞ্জ ও তাড়াইল নিয়ে আসনটি গঠিত হলেও বিএনপি বারবার করিমগঞ্জ থেকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এবার তাড়াইল থেকে কাউকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে দলের প্রতি আহ্বান জানান তিনি।

সারওয়ার হোসেন লিটন ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তাড়াইল উপজেলা শাখার সভাপতি ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রদলের নির্বাহী সদস্য এবং পরবর্তী সময়ে তাড়াইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে এখন পর্যন্ত ছয়জনের নাম আলোচনায় রয়েছে। তাঁরা হলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও জালাল মোহাম্মদ গাউস, চিকিৎসক এরশাদ আহসান সোহেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের শিক্ষা বিষয়ক/যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিবুর রহমান ভূঁইয়া সবুজ।

তাড়াইলের বিএনপির নেতা-কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে উপজেলায় দলের সাংগঠনিক ভিত্তি মজবুত থাকলেও সংসদীয় নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে তাড়াইল বঞ্চিত হয়েছে। এবার তাড়াইল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হলে দুই উপজেলার ভোটারদের মধ্যে ভারসাম্য তৈরি হবে এবং দল আরও ঐক্যবদ্ধ হবে বলে তাঁদের প্রত্যাশা।

উল্লেখ্য, অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে পদত্যাগপত্র পাঠান বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, পরবর্তী ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

কটিয়াদীর ৯ ইউনিয়নে আর্ন প্রকল্প, প্রশিক্ষণ পাবেন ১ হাজার ২৮০ নারী

মাইনুল হক মেনু প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
কটিয়াদীর ৯ ইউনিয়নে আর্ন প্রকল্প, প্রশিক্ষণ পাবেন ১ হাজার ২৮০ নারী

দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফ্যামিলি টাইজ ফর উইমেন ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাফিজ আদনান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. আছমা আক্তার, কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান, কটিয়াদী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. জজ মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরেন উপজেলা ব্যবস্থাপক সুমিত বণিক। এ সময় প্রশিক্ষণ কার্যক্রম, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে। শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বাইরে থাকা (নিট) তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। জাতীয় পর্যায়ে ৯ লাখ তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সহায়তার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাঁদের অন্তত ৬০ শতাংশ নারী।

প্রকল্পের আওতায় কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নের ১৬০টি গ্রামে কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ জন্য ১৬টি গ্রাম পর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্র (ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টার—ভিএলটিসি) স্থাপনের মাধ্যমে ১ হাজার ২৮০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২ হাজার ২৪০ জন তরুণ-তরুণীকে সামাজিক ও আবেগীয় দক্ষতা (এসইবি) এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ (ইডিটি) দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, “তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা দেশের টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। বিশেষ করে যারা শিক্ষা, প্রশিক্ষণ কিংবা কর্মসংস্থানের বাইরে রয়েছে, তাদের জন্য দক্ষতা উন্নয়ন ও উপার্জনের সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্ন প্রকল্পের মাধ্যমে কটিয়াদীর তরুণ-তরুণীরা প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবে বলে আমরা আশাবাদী।”

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর বলেন, “প্রশিক্ষণ গ্রহণের পর তারা যেন শুধু সনদ অর্জনেই সীমাবদ্ধ না থাকে; বরং অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান কিংবা নিজস্ব উদ্যোগ গড়ে তুলতে পারে। এ জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”

সভায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও কমিউনিটির প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, কটিয়াদী উপজেলায় আর্ন প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম বাস্তবায়নে ফ্যামিলি টাইজ ফর উইমেন ডেভেলপমেন্ট ও ব্র্যাক যৌথভাবে কাজ করছে। প্রকল্পটির মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান এবং টেকসই জীবিকার সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা করা হচ্ছে।

কুলিয়ারচরে চুরি-ডাকাতির সরঞ্জাম ও ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
কুলিয়ারচরে চুরি-ডাকাতির সরঞ্জাম ও ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার

সংগ্রহীত ছবি

মসজিদের পানির মোটরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি এবং সুযোগ বুঝে সড়কে ডাকাতি করতেন তাঁরা। এসব অপরাধের উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করতেন পাঁচজনের একটি দল। দিনের বেলায় বাসার দরজা বন্ধ করে ঘুমাতেন, আর রাত হলেই বাইরে বেরিয়ে পড়তেন। তাঁদের এমন সন্দেহজনক চলাফেরায় একপর্যায়ে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। পরে ভাড়া বাসাটি ঘেরাও করে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ গিয়ে পাঁচজনকে আটক করে।

সোমবার সন্ধ্যার পর কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁদের কাছ থেকে আট পিস ইয়াবা এবং চুরি-ডাকাতির কাজে ব্যবহৃত দা, কুড়াল, ছুরি, হাতুড়ি, কাটার ও স্ক্রু ড্রাইভারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত কাজল মিয়ার ছেলে মো. রামিম ওরফে ইমন (২৫) ও মো. রাফি (২৩), একই উপজেলার জগন্নাথপুর (লক্ষ্মীপুর) এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে মো. আলমগীর (৩০), ভৈরবের কমলপুর এলাকার মাসুদ মিয়ার ছেলে বাবু হাসান (১৯) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে ইয়াছিন (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পশ্চিমপাড়ায় মো. জাহেদ আলীর টিনশেড ভবনে কয়েক দিন আগে বাসা ভাড়া নেন ওই পাঁচজন। তাঁদের অস্বাভাবিক জীবনযাপন ও সন্দেহজনক চলাফেরা স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। একপর্যায়ে সোমবার সন্ধ্যার পর বাসাটি ঘেরাও করে পুলিশে খবর দেন তাঁরা। পরে কুলিয়ারচর থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু মিয়া মুঠোফোনে জানান, স্থানীয় বাসিন্দারা পাঁচজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়। এ সময় তাঁদের কাছ থেকে আট পিস ইয়াবা এবং চুরি-ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কুলিয়ারচর থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য-সংক্রান্ত পৃথক দুটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা শেষে তাঁদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

হাওরের তিন উপজেলায় পশু চিকিৎসায় ভরসা এখন গ্রাম্য চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
হাওরের তিন উপজেলায় পশু চিকিৎসায় ভরসা এখন গ্রাম্য চিকিৎসক

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের তিন উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে চিকিৎসক ও জনবল-সংকটে মুখ থুবড়ে পড়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কার্যক্রম। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল না থাকায় ব্যাহত হচ্ছে গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসা, টিকাদান, কৃত্রিম প্রজননসহ বিভিন্ন সেবা। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষক ও খামারিরা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা পর্যায়ের এসব সেবাকেন্দ্রে সাধারণত গৃহপালিত পশুপাখির চিকিৎসা, টিকাদান, কৃত্রিম প্রজনন এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিন উপজেলার হাসপাতালগুলোতে প্রায় ৭০ শতাংশ পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে এসব কার্যক্রম।

কৃষিনির্ভর এই তিন উপজেলায় কৃষকদের বিপুলসংখ্যক গরু, মহিষ, ছাগল, ভেড়া ও অন্যান্য গৃহপালিত পশুপাখির চিকিৎসায় সরকারি প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালই প্রধান ভরসা। অথচ দীর্ঘদিনের জনবল-সংকটে প্রয়োজনের সময় চিকিৎসক পাওয়া যাচ্ছে না। পর্যাপ্ত ওষুধের অভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারি ও কৃষকেরা।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ (ইউএলও) ভেটেরিনারি সার্জন, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও আর্টিফিশিয়াল ইনসেমিনেশন (এফএ ও এআই), অফিস সহকারী, অফিস সহায়ক, ড্রেসার, উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট (ইউএলএ), কম্পাউন্ডার এবং তিনজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ (বিএফএ) মোট ১১ ধরনের পদ রয়েছে।

সে হিসাবে তিন উপজেলার তিনটি হাসপাতালে মোট ৩৩টি পদের বিপরীতে শূন্য রয়েছে ১৯টি। কর্মরত ১৪ জনের মধ্যে একজন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এবং তিনজন অন্যত্র প্রেষণে কর্মরত রয়েছেন।

অষ্টগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও আর্টিফিশিয়াল ইনসেমিনেশন (এফএ ও এআই), অফিস সহকারী, অফিস সহায়ক, উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট (ইউএলএ), কম্পাউন্ডার ও ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের (বিএফএ) সাতটি পদ শূন্য রয়েছে। ড্রেসার মো. শাওন সরদার দুই বছর ধরে রাজবাড়ী উপজেলায় প্রেষণে কর্মরত।

ইটনা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ভেটেরিনারি সার্জন, অফিস সহায়ক, উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট (ইউএলএ) ও দুই ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ (বিএফএ) পাঁচটি পদ শূন্য রয়েছে। এ ছাড়া ড্রেসার হিসেবে পদায়ন করা ব্যক্তি দুই বছর ধরে সাভার ডেইরি ফার্মে প্রেষণে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে মিঠামইনে চলতি মাসে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন অমিত সাহা। তবে ভেটেরিনারি সার্জন, অফিস সহকারী, অফিস সহায়ক, উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট (ইউএলএ), কম্পাউন্ডার ও দুই ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ (বিএফএ) সাতটি পদ শূন্য রয়েছে। ২০২৫ সালে যোগদানের পর থেকেই এখানকার ড্রেসার ঢাকা চিড়িয়াখানায় প্রেষণে কর্মরত রয়েছেন।

জনবল-সংকটের বিষয়ে ইটনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোহাম্মদ মেহেদী বলেন, ‘হাওরাঞ্চলে বিপুলসংখ্যক প্রাণীর চিকিৎসার জন্য চিকিৎসক একেবারেই কম। স্বল্প জনবল নিয়ে অধিক সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তারপরও আমরা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি। দ্রুত জনবল বাড়ানো প্রয়োজন।’

মিঠামইন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অমিত সাহা বলেন, ‘এখানে প্রাণীর সংখ্যা বেশি, কিন্তু চিকিৎসক কম। তারপরও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। কখনো কখনো দিন-রাত বিরতিহীনভাবে চিকিৎসাসেবা দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি।’

তিনি আরও বলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গবাদিপশুর অভ্যন্তরীণ চিকিৎসার পাশাপাশি পাতলা পায়খানা, জ্বর ও কৃমিসহ বিভিন্ন রোগের জন্য আট থেকে দশ ধরনের ওষুধ বিনা মূল্যে দেওয়া হয়। তবে বর্তমানে যে পরিমাণ ওষুধ পাওয়া যায়, তা চাহিদার মাত্র ৮ থেকে ১০ শতাংশ।

সম্প্রতি অষ্টগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে গিয়ে সুনসান নীরবতা দেখা যায়। সেখানে কথা হয় দেওঘর ইউনিয়নের কৃষক মফিজ উদ্দিনের (৫৩) সঙ্গে। তিনি বলেন, ‘গরু-বাছুরের অসুখ হলে দৌড়ে পশু হাসপাতালে আসি। কিন্তু এখানে ডাক্তার থাকেন না, ওষুধও পাওয়া যায় না। পরে নিরুপায় হয়ে গ্রাম্য পশুচিকিৎসকের শরণাপন্ন হতে হয়। এতে খরচ ও কষ্ট—দুটিই বেশি হয়।’

মিঠামইন সদর ইউনিয়নের হাঁস ও গরুর খামারি তাসলিমা আক্তার (৩৩) বলেন, ‘খামারের গরু বা হাঁস অসুস্থ হলে দুশ্চিন্তায় পড়ে যাই। পশু হাসপাতালে গেলে ডাক্তার পাওয়া যায় না, ওষুধও থাকে না। দ্রুত হাসপাতালে চিকিৎসক ও ওষুধের ব্যবস্থা না করলে খামার চালানো কঠিন হয়ে পড়বে।’

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, জনবল-সংকটের বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়োগপ্রক্রিয়া চলছে। আশা করা হচ্ছে, দ্রুত জনবল পদায়ন করা হবে। পাশাপাশি প্রেষণে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ফিরিয়ে আনার জন্য আবারও চিঠি পাঠানো হবে।