হোসেনপুরে জাতীয় রুফটপ সোলার ও নেট মিটারিং কর্মসূচি অনুষ্ঠিত
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎ সাশ্রয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় রুফটপ সোলার ও নেট মিটারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) হোসেনপুর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা আক্তার রূপা, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম এবং কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সোহেল রানা। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মসজিদ-মাদ্রাসার প্রতিনিধি, ব্যবসায়ী, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে। ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে আর্থিক সুবিধা পাওয়া সম্ভব। এ জন্য সরকারি-বেসরকারি সব ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নেট মিটারিং পদ্ধতিতে গ্রাহক দিনের বেলায় সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবেন। আবার প্রয়োজন অনুযায়ী গ্রিড থেকে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। এতে বিদ্যুতের অপচয় কমার পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে। হোসেনপুরকে একটি মডেল সোলার উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও রেকসোনা খাতুন বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে সৌরবিদ্যুতের ব্যবহার এখন সময়ের দাবি। সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ বড় স্থাপনাগুলোতে রুফটপ সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা রুফটপ সোলার স্থাপনের নিয়ম, সম্ভাব্য ব্যয়, নেট মিটারিংয়ের আবেদনপ্রক্রিয়া, সরকারি ভর্তুকি ও প্রযুক্তিগত সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত ব্যক্তিরা নিজ নিজ প্রতিষ্ঠান ও বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপনে উদ্যোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।










Disqus comments are not configured yet.