প্রকৌশল শিক্ষায় বিশ্বমান অর্জনে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার কাজ করছে। বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতেও সরকার কাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়িত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উৎকর্ষের কেন্দ্রে পরিণত হবে এবং বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডাটা ও রোবটিকসের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণা অপরিহার্য। দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।










Disqus comments are not configured yet.