বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

হারানো ঐতিহ্য ফেরাতে পাকুন্দিয়ায় জারি গানের আসর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:০০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হারানো ঐতিহ্য ফেরাতে পাকুন্দিয়ায় জারি গানের আসর

সংগ্রহীত ছবি

একসময় যে গানে রাত জাগত গ্রাম, সময়ের পরিক্রমায় সেই জারি গানই হারিয়ে যেতে বসেছে। আধুনিক বিনোদনের ভিড়ে কমেছে লোকজ এই সংগীতের চর্চাও। তবে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা ও নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বসেছিল জারি গানের আসর। গান ও সুরের মূর্ছনায় মাতেন হাজারো নারী-পুরুষ। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের উপস্থিতিতে ফিরে আসে গ্রামবাংলার চিরচেনা সাংস্কৃতিক আবহ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার উজ্জীবন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সৈয়দগাঁও চৌরাস্তা যুবসমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, জারি গান বাংলার গ্রামীণ জনপদের সমৃদ্ধ লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। একসময় শীত মৌসুমে গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়মিত বসত জারি গানের আসর। রাতভর চলত গান, পালাগান ও প্রতিযোগিতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এ আয়োজন অনেকটাই কমে গেছে। নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতির পরিচয় তুলে ধরা এবং হারিয়ে যেতে বসা ঐতিহ্য টিকিয়ে রাখতেই তাঁদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এলাকার মানুষের অংশগ্রহণে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

জারি গান দেখতে আসা আয়ুব আলী বলেন, ‘আগে শীতের মৌসুমে প্রায় প্রতিটি এলাকায় জারি গানের আসর বসত। আমিও পাটুয়াভাঙ্গা ও মির্জাপুরসহ দূর-দূরান্তে জারি গান দেখতে যেতাম। কখনো রাত ১০টায়, কখনো ১২টায়, আবার কখনো রাত ১টায় বাড়ি ফিরতাম।’

তিনি আরও বলেন, ‘তখন রাত জেগে গান দেখে ফিরলেও পরিবারের কেউ বকাঝকা করতেন না। কিন্তু সময়ের সঙ্গে এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। মোবাইল ফোনের ব্যবহার বেড়ে যাওয়াকে এর অন্যতম কারণ মনে করি। এখনকার অনেক তরুণ জারি গান সম্পর্কে জানেই না। আগের মতো নিয়মিত আয়োজনও আর চোখে পড়ে না।’

নতুন প্রজন্মের মধ্যেও জারি গানের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে জানিয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিয়াম বলে, ‘জীবনে প্রথমবারের মতো জারি গান দেখতে এসেছি। আগে কখনো সরাসরি দেখিনি। এখানে জারি গানের আয়োজন হচ্ছে শুনে বন্ধুদের নিয়ে দেখতে এসেছি। জারি গান কেমন হয়, তা জানার আগ্রহ ছিল। এসে দেখি অনেক মানুষের সমাগম। পুরো আয়োজনটি আমার কাছে খুব ভালো লাগছে। ভবিষ্যতেও এমন আয়োজন হলে আবারও দেখতে আসব।’

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বলেন, ‘নতুন প্রজন্মের কাছে পুরোনো সংস্কৃতিকে নতুন ধারায় ফিরিয়ে আনতে আমরা কাজ করে যাচ্ছি। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তিসহ বিভিন্ন নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে চাই। এ লক্ষ্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের সহযোগিতায় মাঠপর্যায়ে কাজ করছি। যুবসমাজকে সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সবার সহযোগিতা কামনা করছি।’

অনুষ্ঠানের উদ্বোধক ইঞ্জিনিয়ার আমিনুল হক জর্জ বলেন, ‘আমাদের এলাকায় জারি গানের ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। পাকুন্দিয়া সদর ও কলেজসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে এমন আয়োজন হয়নি। অনেকেই আছেন, যাঁরা জীবনে কখনো সরাসরি জারি গান দেখেননি। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য ফিরিয়ে আনতে এমন আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে মা-বোনসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি সত্যিই আনন্দের।’

হাফিজুল ইসলাম ছাদির সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিনুল হক জর্জ। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক, পৌর ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌসসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের আহ্বান

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা সব হজযাত্রীকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজ প্যাকেজ ও নির্দেশিকার ৫(৬) ধারা অনুযায়ী, প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে তাঁদের প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

এ অবস্থায় সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বকেয়া অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

প্রকৌশল শিক্ষায় বিশ্বমান অর্জনে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
প্রকৌশল শিক্ষায় বিশ্বমান অর্জনে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার কাজ করছে। বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতেও সরকার কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়িত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উৎকর্ষের কেন্দ্রে পরিণত হবে এবং বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডাটা ও রোবটিকসের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণা অপরিহার্য। দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

বদলির আদেশ না পেয়ে আমরণ অনশনে নারী শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
বদলির আদেশ না পেয়ে আমরণ অনশনে নারী শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ দ্রুত জারির দাবিতে আমরণ অনশনে বসেছেন নারী শিক্ষকরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শেষ হয়। এতে সাড়ে ১৩ হাজারের বেশি শিক্ষক আবেদন করেন। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সব ধরনের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় তা আটকে আছে।

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় হতাশায় ভুগছেন শিক্ষকরা। তাঁদের অভিযোগ, বদলি নীতিমালা সংশোধনের নামে অযথা কালক্ষেপণ করা হচ্ছে। এভাবে তাঁদের রাজপথে আন্দোলনে নামতে বাধ্য করা হচ্ছে।

অনশনরত শিক্ষকেরা নিজ জেলা বা বাড়ির কাছাকাছি কর্মস্থলে বদলির দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, দূরবর্তী জেলায় চাকরি করার কারণে পারিবারিক জীবনে অশান্তি ও কলহ তৈরি হচ্ছে। বদলির চূড়ান্ত আদেশ জারি না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

কর্মসূচিতে অংশ নেওয়া এক নারী শিক্ষক আক্ষেপ করে বলেন, ‘সরকার নীতিমালা করে বদলি ব্যবস্থা চালু করেছে বলেই আমরা আবেদন করেছি। এখন আমরা দ্রুত বদলির আদেশ চাই। আমার মতো অসংখ্য শিক্ষিকা আজ সন্তান ও পরিবারের কাছে ফেরার তাগিদে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন।’