বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে ট্রেনে মাদক পাচারে সহযোগিতার অভিযোগ আরএসবি কনস্টেবলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ভৈরবে ট্রেনে মাদক পাচারে সহযোগিতার অভিযোগ আরএসবি কনস্টেবলের বিরুদ্ধে

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন দিয়ে ট্রেনযোগে মাদক পাচারে সহযোগিতার অভিযোগ উঠেছে রেলওয়ে স্পেশাল ব্রাঞ্চের (আরএসবি) সদস্য কনস্টেবল মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে আসা মাদকের চালান স্টেশন নিরাপদে পার করে দেওয়ার বিনিময়ে চালানপ্রতি ১০ হাজার টাকা করে উৎকোচ নেন তিনি। এ-সংক্রান্ত একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় প্রতি রাতেই আন্তনগর ও মেইল ট্রেনে করে মাদকের বড় চালান দেশের বিভিন্ন গন্তব্যে পাচার করা হয়। বিশেষ করে ভোর ৪টার দিকে আজমপুর স্টেশন থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ছেড়ে আসার পর ভৈরব স্টেশন এলাকায় তৎপর হয়ে ওঠেন অভিযুক্ত আরএসবি সদস্য আমিনুল ইসলাম। ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছালে তিনি নিজে উপস্থিত থেকে মাদকের চালান নিরাপদে পার করে দেওয়ার সমন্বয় করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ট্রেনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিদল পৌঁছালে আমিনুল আগেই তাঁর সোর্স ও সহযোগীদের সতর্ক করে দেন। এমনকি নির্দিষ্ট বগিতে তল্লাশিতে বাধা দেওয়া এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা (এসপি) পরিচয় ব্যবহার করে অন্যদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ কারণে সাধারণ যাত্রী ও স্টেশনসংশ্লিষ্ট ব্যক্তিরা মুখ খুলতে সাহস পান না বলে দাবি স্থানীয়দের।

রেলপথে মাদক পাচারের বিষয়ে উজ্জ্বল মিয়া ওরফে ‘সোর্স মোল্লা’ নামের এক ব্যক্তির সঙ্গে আমিনুলের কথোপকথনের একটি গোপন ভিডিও এই প্রতিনিধির হাতে এসেছে। ভিডিওতে আমিনুলকে বলতে শোনা যায়, ‘তুমি প্ল্যাটফর্মে আসবা, আমিও থাকব। গাড়িতে মাল থাকলে দেখেও নাই, ওকে?’

ভিডিওতে সোর্স উজ্জ্বলকে আমিনুলের উদ্দেশে বলতে শোনা যায়, ‘উপবন গাড়ি আজমপুর ছাড়লে যে বগিতে মাল থাকবে, আগে থেকে ওই বগির কথা বলে দিলে আমি ওই বগির ওপর দিয়ে হেঁটে চলে যাব। কারণ, আরও তো ফোর্স থাকবে। আমাকে তো গাড়িতে উঠতে হবে, না হলে আমি অন্যদের বোঝাব কীভাবে? তাই গাড়ি আজমপুর ছাড়ার আগে মাল থাকুক আর না থাকুক, আমাকে আগে থেকে বলে দেবেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, গত মাসে প্রায় সাত কেজি গাঁজা জব্দ করার পর তা নিজের হেফাজতে নেন আমিনুল। পরে ওই গাঁজা এক মাদক কারবারির কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গাঁজার প্যাকেটটি রেলওয়ে স্টেশনের শৌচাগারের পাশে রাখা হয়েছিল। ওই সময় শৌচাগারের দায়িত্বে থাকা রাজ্জাক হিজড়া সাত কেজির মধ্যে দুই কেজি গাঁজা নিজের কাছে রেখে কাপড়ে পেঁচিয়ে রাখেন। পরে অন্য এক মাদক কারবারি ওই গাঁজা কিনে প্রতারণার শিকার হন।

বিষয়টি জানাজানি হলে স্টেশন এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ ঘটনায় আমিনুল ওই হিজড়াকে মারধর করে স্টেশন এলাকা থেকে তাড়িয়ে দেন। এ ছাড়া তিনি প্রায়ই এককভাবে মাদকবিরোধী অভিযানের নাটক সাজাতেন এবং আড়ালে মাদক কারবারিদের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করতেন বলেও অভিযোগ উঠেছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরএসবি সদস্য কনস্টেবল আমিনুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে মাদক চালান ও পাচারে সহযোগিতার যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা। এসবের সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই।’

গোপন ভিডিওর বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলবেন না বলে জানান।

ঢাকা রেলওয়ের পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা মুঠোফোনে বলেন, ‘মাদক পরীক্ষা, অনুসন্ধান করা বা মাদক কারবারিদের গ্রেপ্তার করা পুলিশের কাজ। এখন আমাদের কোনো পুলিশ সদস্য যদি মাদক কারবারিদের সঙ্গে আঁতাত করেন বা সহযোগিতা করেন, সেটি অপরাধ। এ বিষয়ে আমি অনুসন্ধান করব।’

পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার ৫৮০ কোটি টাকার দুই প্রকল্প

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার ৫৮০ কোটি টাকার দুই প্রকল্প

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ে দুটি বড় প্রকল্প হাতে নিচ্ছে সরকার। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে নতুন উপকেন্দ্র ও বিতরণ লাইন নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ বিতরণের সক্ষমতা ২ হাজার ৬৮১ এমভিএ বাড়বে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) উদ্যোগে নেওয়া প্রকল্প দুটির মোট ব্যয়ের মধ্যে প্রায় ৮ হাজার ৯৪৪ কোটি টাকা বা ৭৩১ মিলিয়ন ডলার বিদেশি ঋণ থেকে সংস্থান করা হবে। এ অর্থ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রকল্প দুটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।

একনেকের তথ্য অনুযায়ী, আজকের সভায় নতুন চারটি ও সংশোধিত ১০টিসহ মোট ১৪টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বিদ্যুৎ খাতের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ, সংস্কৃতি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সড়ক পরিবহন বিভাগের একাধিক প্রকল্প রয়েছে তালিকায়। এ ছাড়া পরিকল্পনামন্ত্রী এর আগে যে সাতটি প্রকল্প অনুমোদন দিয়েছেন, সেগুলোর বিষয়েও একনেক সদস্যদের অবহিত করা হবে।

প্রকল্পের নথি পর্যালোচনায় দেখা গেছে, ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬০১ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা, এডিবির ঋণ হিসেবে ২০০ মিলিয়ন ডলার বা প্রায় ২ হাজার ৪৫৫ কোটি টাকা এবং বাপবিবোর নিজস্ব তহবিল থেকে ১ হাজার ১৮৩ কোটি টাকা ব্যয় করা হবে।

নথিতে বলা হয়েছে, ১৩টি সমিতির এলাকায় ২০৩৩ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা বেড়ে ৯ হাজার ৭৬০ এমভিএতে পৌঁছাবে। বর্তমানে চলমান প্রকল্পসহ বিদ্যুৎ বিতরণের সক্ষমতা রয়েছে ৬ হাজার ৯৩০ এমভিএ। ফলে চাহিদার বিপরীতে ঘাটতি দাঁড়াবে ২ হাজার ৮৩০ এমভিএ।

এই ঘাটতি মোকাবিলায় প্রস্তাবিত প্রকল্পের আওতায় ৫২টি নতুন উপকেন্দ্র নির্মাণ করা হবে। পাশাপাশি ১২টি উপকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে ১ হাজার ২৬৫ এমভিএ এবং তিনটি উপকেন্দ্রে অতিরিক্ত ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে আরও ৩০ এমভিএ সক্ষমতা যুক্ত করা হবে। সব মিলিয়ে বিতরণ সক্ষমতা বাড়বে ১ হাজার ২৯৫ এমভিএ। এ ছাড়া ৪ হাজার ২০০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ ও সংস্কার করা হবে।

অন্য প্রকল্পটির আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির অবকাঠামো উন্নয়নে ৮ হাজার ৯৭৯ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে সরকার দেবে ১ হাজার ২৮২ কোটি টাকা এবং বাপবিবো নিজস্ব তহবিল থেকে দেবে ১ হাজার ২০৭ কোটি টাকা। বাকি ৫৩১ মিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ হিসেবে দেবে এআইআইবি।

এই অঞ্চলের ১৯টি সমিতিতে ২০৩১ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা বেড়ে ৭ হাজার ৩৭০ এমভিএ হবে বলে প্রাক্কলন করা হয়েছে। বিপরীতে বর্তমানে বিতরণ সক্ষমতা রয়েছে ৫ হাজার ২৯৪ এমভিএ। ফলে ঘাটতি থাকবে ২ হাজার ৭৬ এমভিএ। এই ঘাটতি পূরণে ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণ করে ১ হাজার ৩৮৬ এমভিএ সক্ষমতা বাড়ানো হবে।

এ ছাড়া ২৩ হাজার ৪৩৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ ও উন্নয়ন, ছয়টি সুইচিং স্টেশন স্থাপন এবং কুমিল্লা ও চট্টগ্রাম জোনে আধুনিক স্ক্যাডা (এসসিএডিএ) ব্যবস্থা চালু করা হবে।

প্রকল্প দুটির আওতায় বিদ্যুৎ বিতরণব্যবস্থায় আধুনিক ‘ফল্ট লোকেটর’ স্থাপন করা হবে। এর মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। ফলে সরবরাহ স্বাভাবিক করাও সহজ হবে।

প্রকল্প বাস্তবায়নের পর ঢাকার পার্শ্ববর্তী এলাকায় সিস্টেম লস ৫ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে ৪ দশমিক ৫৭ শতাংশে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একইভাবে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে সিস্টেম লস ১০ দশমিক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ৮ দশমিক ৪০ শতাংশে আনার পরিকল্পনা রয়েছে।

ভৈরবে মহাসড়কের পাশে অবৈধ বালুর ব্যবসা, নীরব কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
ভৈরবে মহাসড়কের পাশে অবৈধ বালুর ব্যবসা, নীরব কর্তৃপক্ষ

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জের ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকায় সড়কের দুই পাশে অবৈধভাবে বালুর স্তূপ করে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। মহাসড়কের পাশ ঘেঁষে অন্তত ১০ থেকে ১২টি স্থানে বালু জমিয়ে রাখায় সংকীর্ণ হয়ে পড়েছে সড়ক। উড়ন্ত বালুতে চালকদের দৃষ্টিবাধা সৃষ্টি হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। পাশাপাশি রাত হলেই সড়কে ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গাজিরটেক এলাকার ব্রিজের উত্তর পাশে সড়কের দুই ধারে বিভিন্ন স্থানে বালু স্তূপ করে রাখা হয়েছে। প্রতিদিন ড্রেজার, ডাম্প ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে এসব বালু আনা হচ্ছে। পরে ট্রাকে করে বালু বিক্রিও করা হচ্ছে। বালু ওঠানো-নামানোর সময় সড়কে ছড়িয়ে পড়ছে বালু। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

বিশেষ করে হালকা বাতাসেই বালু উড়ে চালকদের চোখে-মুখে পড়ছে। ফলে যানবাহন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহনের চালকদের বেশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি বালু ছড়িয়ে পড়ায় পরিবেশদূষণও হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বালুর স্তূপের কারণে সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া এসব স্তূপের আড়ালে রাতে ডাকাতির ঘটনা ঘটছে। গত এক মাসে এই সড়কে পাঁচ থেকে ছয়টি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাঁরা। প্রকাশ্যে মহাসড়কের জায়গা দখল করে বালুর ব্যবসা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় অটোরিকশাচালক দুলাল মিয়া বলেন, ‘এই মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করি। বাতাস উঠলেই বালু উড়ে চোখে ঢুকে যায়, সামনে কিছু দেখা যায় না। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

সিএনজিচালক বাসার মিয়া বলেন, ‘এই সড়ক দিয়ে নিয়মিত যাত্রী পরিবহন করি। কালিকাপ্রসাদ এলাকায় সড়কের দুই পাশে উঁচু করে বালু স্তূপ করে একটি চক্র ব্যবসা করছে। গাড়ি চলাচলের সময় বাতাসে বালু উড়ে চোখে পড়ে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

সড়কে চলাচলকারী মোটরসাইকেল আরোহী জামাল মিয়া বলেন, ‘সড়কের জায়গা দখল করে একটি চক্র অবৈধভাবে বালুর ব্যবসা করছে। কোনো নিয়মনীতি না মেনে যেকোনো সময় সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে বালু ওঠানো-নামানো হচ্ছে। এতে আমাদের চলাচলে সমস্যা হচ্ছে। এ সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

স্থানীয় বাসিন্দা মো. সোহান আহমেদ বলেন, সড়কের পাশের বেশ কয়েকটি জায়গা দখল করে বালুর স্তূপ রেখে ব্যবসা চালানো হচ্ছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সড়কের ওপর বালু ছড়িয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। দ্রুত এসব বালু সরানো না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

কালিকাপ্রসাদ গাজিরটেক এলাকার বালু ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা নিজেদের ও সওজের জায়গায় বালুর ব্যবসা করে আসছি। এ জন্য কারও কাছ থেকে কোনো অনুমতি নিইনি। বালু ট্রাকে ওঠানো-নামানোর সময় সড়কে যান চলাচলে কিছুটা দুর্ভোগ সৃষ্টি হয়, তা অস্বীকার করার কিছু নেই। তবে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে এ নিয়ে কোনো অভিযোগ করেননি।’

নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দিন বলেন, এভাবে সড়কের পাশে বালুর ব্যবসা চলায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। অথচ প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

ভৈরব সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী স্বর্ণা আক্তার বলেন, ‘বালু উত্তোলন করে সড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে, সেই জায়গাটি মহাসড়কের অন্তর্ভুক্ত। বিষয়টি আমি সাম্প্রতিক সময়ে অবগত হয়েছি। আপনাদের মাধ্যমেও জেনেছি। যেহেতু সড়কটি দিয়ে যানবাহন চলাচল করে, তাই চালক ও যাত্রীদের অসুবিধা হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হবে। এ ছাড়া সওজের জায়গা অনুমতি ছাড়া দখল করে কীভাবে বালুর ব্যবসা করা হচ্ছে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ বলেন, ‘মহাসড়কের পাশে সওজের জায়গায় বালু রেখে ব্যবসা করা অত্যন্ত গর্হিত কাজ। সড়ক ও জনপথ বিভাগ বালু সরানোর উদ্যোগ নিলে উপজেলা প্রশাসন অবশ্যই সহযোগিতা করবে এবং আইনগত ব্যবস্থা নেবে।’

শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ৪০০ নম্বরে, প্রস্তাব মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ৪০০ নম্বরে, প্রস্তাব মন্ত্রণালয়ের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর বিভাজনে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রচলিত ২৩০ নম্বরের পরিবর্তে পুরো নিয়োগ প্রক্রিয়া ৪০০ নম্বরে নেওয়ার কথা বলা হয়েছে। এতে প্রিলিমিনারিতে ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর নির্ধারণের প্রস্তাব রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট বিধিমালা ও পরিপত্র হালনাগাদের লক্ষ্যে আয়োজিত এক সভায় এ প্রস্তাব উঠে আসে।

বৈঠকে নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপের নম্বর বিন্যাস নিয়ে পর্যালোচনা করা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় যথাক্রমে ১০০, ২০০ ও ১০০ নম্বর রাখার সুপারিশ করা হয়।

বর্তমানে প্রবেশ পর্যায়ে শিক্ষক বাছাইয়ের জন্য প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা মিলিয়ে মোট ২৩০ নম্বরের একটি খসড়া পরিপত্র প্রস্তুত করে রেখেছে এনটিআরসিএ।

বৈঠকে অংশ নেওয়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ৪০০ নম্বরের মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাবটি পর্যালোচনা করা হলেও তা এখনো প্রাথমিক আলোচনা ও প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত কোনো অনুমোদন বা সিদ্ধান্ত হয়নি।

বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের হিসাব এবং শিক্ষক নিয়োগের বিধিমালা নিয়েও মতবিনিময় হয়েছে। তবে এসব বিষয়েও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।