বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া, সামরিক যান চালিয়ে পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
প্রথমবার তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া, সামরিক যান চালিয়ে পরিদর্শনে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে নিজেই সামরিক যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) দ্বীপটির এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যেতে তিনি প্রায় ৮ কিলোমিটার পথ বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান (এটিভি ভিহিকল) চালিয়ে অতিক্রম করেন। এ সময় তাঁর সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই সামরিক যান চালিয়ে যান। পথে ধানক্ষেতের পাশ দিয়ে কর্দমাক্ত ও আঁকাবাঁকা পথ অতিক্রম করার সময় দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।

স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

মহড়া শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’

মঙ্গলবার স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা, যা সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিও আরও কার্যকর হবে।

এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং পানিসম্পদমন্ত্রী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

১৯৭৮ সালে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠে দিগন্ত বিস্তৃত স্বর্ণদ্বীপ, যার পূর্বনাম ছিল জাহাজ্জার চর। নোয়াখালী জেলার মূল ভূখণ্ড থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দ্বীপটি উত্তর-দক্ষিণে ২৮ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে ১৪ কিলোমিটার বিস্তৃত।

দ্বীপটি প্রথমদিকে দেশের স্বাভাবিক নিরাপত্তাবলয়ের বাইরে থাকায় সময়ের পরিক্রমায় জলদস্যু ও ডাকাতদের অভয়ারণ্য হয়ে ওঠে। ২০১৩ সালের ১৪ মার্চ সেনাসদরের নির্দেশনায় ৩৩ পদাতিক ডিভিশনের পরিচালিত সাঁড়াশি অভিযানের মাধ্যমে জলদস্যু ও ডাকাতদের নির্মূল করে দ্বীপটির নিরাপত্তা নিশ্চিত করা হয়।

ওই অভিযানে ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ১০১ পদাতিক ব্রিগেডের ১০ ই বেঙ্গল, ৫৬ ই বেঙ্গল ও ৬ বীর সক্রিয়ভাবে অংশ নেয়। অভিযানে ডাকাতদের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। একই দিনে স্বর্ণদ্বীপে সেনা মোতায়েন করা হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

পরবর্তীতে ১৫ আগস্ট ২০১৩ এবং ১৪ নভেম্বর ২০১৩ তারিখে ভূমি মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বীপটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বছরের প্রায় আট মাস স্বর্ণদ্বীপ জলমগ্ন ও কর্দমাক্ত থাকে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পানির স্তর নিচে নেমে যাওয়ায় দ্বীপটি যান চলাচল ও অন্যান্য কার্যক্রমের জন্য উপযোগী হয়ে ওঠে। বর্তমানে স্বর্ণদ্বীপকে বাংলাদেশ সেনাবাহিনীর আদর্শ প্রশিক্ষণ এলাকা হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে।

এ ছাড়া স্বর্ণদ্বীপে সেনাবাহিনী স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে গবাদি পশু পালন, দুগ্ধ খামার স্থাপন, বনায়ন, উন্নত পদ্ধতিতে শস্য উৎপাদন, মৎস্য পালন ও সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে।

ইতোমধ্যে স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী ও বিসিসিটি-এর যৌথ উদ্যোগে তিনটি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে।

ভৈরবে মহাসড়কের পাশে অবৈধ বালুর ব্যবসা, নীরব কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
ভৈরবে মহাসড়কের পাশে অবৈধ বালুর ব্যবসা, নীরব কর্তৃপক্ষ

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জের ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকায় সড়কের দুই পাশে অবৈধভাবে বালুর স্তূপ করে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। মহাসড়কের পাশ ঘেঁষে অন্তত ১০ থেকে ১২টি স্থানে বালু জমিয়ে রাখায় সংকীর্ণ হয়ে পড়েছে সড়ক। উড়ন্ত বালুতে চালকদের দৃষ্টিবাধা সৃষ্টি হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। পাশাপাশি রাত হলেই সড়কে ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গাজিরটেক এলাকার ব্রিজের উত্তর পাশে সড়কের দুই ধারে বিভিন্ন স্থানে বালু স্তূপ করে রাখা হয়েছে। প্রতিদিন ড্রেজার, ডাম্প ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে এসব বালু আনা হচ্ছে। পরে ট্রাকে করে বালু বিক্রিও করা হচ্ছে। বালু ওঠানো-নামানোর সময় সড়কে ছড়িয়ে পড়ছে বালু। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

বিশেষ করে হালকা বাতাসেই বালু উড়ে চালকদের চোখে-মুখে পড়ছে। ফলে যানবাহন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহনের চালকদের বেশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি বালু ছড়িয়ে পড়ায় পরিবেশদূষণও হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বালুর স্তূপের কারণে সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া এসব স্তূপের আড়ালে রাতে ডাকাতির ঘটনা ঘটছে। গত এক মাসে এই সড়কে পাঁচ থেকে ছয়টি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাঁরা। প্রকাশ্যে মহাসড়কের জায়গা দখল করে বালুর ব্যবসা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় অটোরিকশাচালক দুলাল মিয়া বলেন, ‘এই মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করি। বাতাস উঠলেই বালু উড়ে চোখে ঢুকে যায়, সামনে কিছু দেখা যায় না। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

সিএনজিচালক বাসার মিয়া বলেন, ‘এই সড়ক দিয়ে নিয়মিত যাত্রী পরিবহন করি। কালিকাপ্রসাদ এলাকায় সড়কের দুই পাশে উঁচু করে বালু স্তূপ করে একটি চক্র ব্যবসা করছে। গাড়ি চলাচলের সময় বাতাসে বালু উড়ে চোখে পড়ে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

সড়কে চলাচলকারী মোটরসাইকেল আরোহী জামাল মিয়া বলেন, ‘সড়কের জায়গা দখল করে একটি চক্র অবৈধভাবে বালুর ব্যবসা করছে। কোনো নিয়মনীতি না মেনে যেকোনো সময় সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে বালু ওঠানো-নামানো হচ্ছে। এতে আমাদের চলাচলে সমস্যা হচ্ছে। এ সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

স্থানীয় বাসিন্দা মো. সোহান আহমেদ বলেন, সড়কের পাশের বেশ কয়েকটি জায়গা দখল করে বালুর স্তূপ রেখে ব্যবসা চালানো হচ্ছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সড়কের ওপর বালু ছড়িয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। দ্রুত এসব বালু সরানো না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

কালিকাপ্রসাদ গাজিরটেক এলাকার বালু ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা নিজেদের ও সওজের জায়গায় বালুর ব্যবসা করে আসছি। এ জন্য কারও কাছ থেকে কোনো অনুমতি নিইনি। বালু ট্রাকে ওঠানো-নামানোর সময় সড়কে যান চলাচলে কিছুটা দুর্ভোগ সৃষ্টি হয়, তা অস্বীকার করার কিছু নেই। তবে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে এ নিয়ে কোনো অভিযোগ করেননি।’

নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দিন বলেন, এভাবে সড়কের পাশে বালুর ব্যবসা চলায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। অথচ প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

ভৈরব সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী স্বর্ণা আক্তার বলেন, ‘বালু উত্তোলন করে সড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে, সেই জায়গাটি মহাসড়কের অন্তর্ভুক্ত। বিষয়টি আমি সাম্প্রতিক সময়ে অবগত হয়েছি। আপনাদের মাধ্যমেও জেনেছি। যেহেতু সড়কটি দিয়ে যানবাহন চলাচল করে, তাই চালক ও যাত্রীদের অসুবিধা হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হবে। এ ছাড়া সওজের জায়গা অনুমতি ছাড়া দখল করে কীভাবে বালুর ব্যবসা করা হচ্ছে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ বলেন, ‘মহাসড়কের পাশে সওজের জায়গায় বালু রেখে ব্যবসা করা অত্যন্ত গর্হিত কাজ। সড়ক ও জনপথ বিভাগ বালু সরানোর উদ্যোগ নিলে উপজেলা প্রশাসন অবশ্যই সহযোগিতা করবে এবং আইনগত ব্যবস্থা নেবে।’

শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ৪০০ নম্বরে, প্রস্তাব মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ৪০০ নম্বরে, প্রস্তাব মন্ত্রণালয়ের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর বিভাজনে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রচলিত ২৩০ নম্বরের পরিবর্তে পুরো নিয়োগ প্রক্রিয়া ৪০০ নম্বরে নেওয়ার কথা বলা হয়েছে। এতে প্রিলিমিনারিতে ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর নির্ধারণের প্রস্তাব রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট বিধিমালা ও পরিপত্র হালনাগাদের লক্ষ্যে আয়োজিত এক সভায় এ প্রস্তাব উঠে আসে।

বৈঠকে নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপের নম্বর বিন্যাস নিয়ে পর্যালোচনা করা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় যথাক্রমে ১০০, ২০০ ও ১০০ নম্বর রাখার সুপারিশ করা হয়।

বর্তমানে প্রবেশ পর্যায়ে শিক্ষক বাছাইয়ের জন্য প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা মিলিয়ে মোট ২৩০ নম্বরের একটি খসড়া পরিপত্র প্রস্তুত করে রেখেছে এনটিআরসিএ।

বৈঠকে অংশ নেওয়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ৪০০ নম্বরের মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাবটি পর্যালোচনা করা হলেও তা এখনো প্রাথমিক আলোচনা ও প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত কোনো অনুমোদন বা সিদ্ধান্ত হয়নি।

বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের হিসাব এবং শিক্ষক নিয়োগের বিধিমালা নিয়েও মতবিনিময় হয়েছে। তবে এসব বিষয়েও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

ইউএনওদের নিয়ে ১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
ইউএনওদের নিয়ে ১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামের এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময় ও মুক্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন ইউএনওরা। পাশাপাশি দেশসেরা ২০ জন ইউএনওকে পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

মাঠ প্রশাসনকে আরো সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এতে দেশের ৫০২ জন ইউএনওর অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলনে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে তাঁদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ১ ডিসেম্বর সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি।

সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় সরকার, জনপ্রশাসন, কৃষি, স্বরাষ্ট্র, ভূমি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা অংশ নেবেন।

কর্ম অধিবেশনে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্মেলনে ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম বিভাগ থেকে চারজন এবং বাকি ছয় বিভাগ থেকে দুজন করে মোট ২০ জন ইউএনওকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হবে। প্রধানমন্ত্রী তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন।

এ ছাড়া প্রতি বিভাগ থেকে দুজন করে ইউএনও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সম্মেলনের মূল পর্ব শুরু হবে। এতে মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে ভিডিও প্রদর্শন এবং দিনব্যাপী কর্ম অধিবেশনের সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। মুক্ত আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আরো জানান, উপজেলা পর্যায়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিক সেবার মান বাড়ানোই এ সম্মেলনের মূল লক্ষ্য। একই সঙ্গে দায়িত্ব পালনে গাড়ি ও জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়গুলো সরকারপ্রধানের কাছে তুলে ধরার সুযোগ পাবেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা।