গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার (১৮ নভেম্বর) কামানের গোলাবর্ষণের মধ্যে ইসরায়েলি ট্যাংক নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে এগিয়ে যায়। এ সময় গোলাবর্ষণ ও গুলির শব্দ শোনা যায়। পরে ট্যাংকগুলো এলাকার প্রধান উত্তর-দক্ষিণ সড়ক সালাহ আল-দিন সড়কে অবস্থান নেয়।
অভিযান শুরুর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর বেসামরিক বিষয়ক সংস্থা কোগাটের আরবি মুখপাত্র নুসেইরাত ও বুরেইজ শরণার্থী শিবিরের উত্তরে বসবাসকারীদের ওই এলাকা ছেড়ে দূরে সরে যাওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সালাহ আল-দিন সড়কের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়।
পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সঙ্গে যৌথভাবে অভিযান চালাচ্ছে। তাদের দাবি, ‘ইয়েলো লাইন’-এর পশ্চিমে একটি সুড়ঙ্গ রয়েছে, যা ইসরায়েলি সেনাদের জন্য হুমকি তৈরি করছে। সুড়ঙ্গটি ধ্বংস করতেই এ অভিযান চালানো হচ্ছে।
তবে হামাসের দাবি, ইসরায়েলের এ অভিযান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।
উল্লেখ্য, গাজার ৬০ শতাংশের বেশি এলাকা বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ‘ইয়েলো লাইন’ দিয়ে ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকার সীমানা বোঝানো হয়। ইসরায়েলি বাহিনীর দাবি, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী তারা ওই এলাকায় অবস্থান করছে। নিজেদের সেনা ও ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।













Disqus comments are not configured yet.