মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:২২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন, জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। নিরাপত্তা শঙ্কার কারণে আসামি জিয়াউল আহসান সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যুক্ত হয়েছেন।

এর আগে ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন তাঁর আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় তিনি মামলাসংশ্লিষ্ট কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন।

এর আগে ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

সরকারি গাড়ি নিয়ে নতুন নির্দেশনা আইন মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
সরকারি গাড়ি নিয়ে নতুন নির্দেশনা আইন মন্ত্রণালয়ের

অধস্তন আদালতের যেসব বিচারকের জন্য সরকারি গাড়ি বরাদ্দ রয়েছে, তাঁরা আইন মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া সংশ্লিষ্ট কর্মস্থল জেলার বাইরে ওই গাড়ি নিতে পারবেন না। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে আইন মন্ত্রণালয়ের বিচার শাখা।

রোববার (২২ নভেম্বর) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. সাইফুজ্জামান এ নির্দেশনা জারি করেন।

সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম নির্দেশনাটি সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিচারকদের প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে আইন মন্ত্রণালয়।

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি।

বিশেষ এ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো এ যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীর এটিই প্রথম পরিদর্শন।

মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

কিশোরগঞ্জে তরুণ গবেষকদের সনদ ও উপহার প্রদান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে তরুণ গবেষকদের সনদ ও উপহার প্রদান

কিশোরগঞ্জে তরুণ গবেষকদের ছয় মাসব্যাপী গবেষণা কার্যক্রমের ফলাফল উপস্থাপন ও শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) শহরের বত্রিশ এলাকার পপি-পার্টি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউনিসেফের অর্থায়ন ও সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় ১৬ জন তরুণ গবেষককে নিয়ে ছয় মাসব্যাপী এ গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রমের সমাপনী উপলক্ষে আয়োজিত কর্মশালায় গবেষকেরা তাঁদের গবেষণার ফলাফল তুলে ধরেন। এতে শহরের বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশ নেন।

কর্মশালায় গবেষণার ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহায়তা এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে অংশীজনদের মতামত ও সুপারিশ গ্রহণ করেন তরুণ গবেষকেরা। এসব সুপারিশ ভবিষ্যতে সহায়তামূলক কার্যক্রমে কাজে লাগানোর অঙ্গীকার করেন তাঁরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম শামীম, জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার মাকছুদা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আল আমিন ভূঁইয়া এবং মিঠামইন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শাহজাহান মজুমদার।

গবেষণা কার্যক্রম পরিচালনা, তিন দিনব্যাপী মৌলিক গবেষণা প্রশিক্ষণ, তথ্য বিশ্লেষণ (ডেটা অ্যানালাইসিস) ও প্রতিবেদন প্রণয়নে (রিপোর্ট রাইটিং) সেভ দ্য চিলড্রেনের পক্ষে নেতৃত্ব দেন সংস্থাটির কো-অর্ডিনেটর (এমইএএল) শরীফুল আলম ভূঁইয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জে সেভ দ্য চিলড্রেনের স্কিল বিল্ডিং অফিসার মামুনুর রশীদ।

কর্মশালার শেষ পর্যায়ে অংশগ্রহণকারী তরুণ গবেষকদের হাতে সনদ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।