১৮ বছর পর জয়নাল হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন
কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় দীর্ঘ ১৮ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শাহজাহান ওরফে সাজু, একই এলাকার আবদুল হেকিমের ছেলে রতন ওরফে মো. শফিকুল ইসলাম রতন এবং গাইটাল (শ্রীনগর) এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে আবু তাহের।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রহম আলী।
মামলার নথি ও তদন্ত সূত্রে জানা যায়, নিহত জয়নাল আবেদীন কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলের কর্মচারী ছিলেন। ২০০৮ সালের ১১ জানুয়ারি রাত আনুমানিক ৭টার দিকে শাহজাহান ওরফে সাজু, রতন ও আবু তাহের ওই হোটেলে যান। চা-পুরি খাওয়ার কথা বলে তাঁরা জয়নালকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
পরদিন ১২ জানুয়ারি সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার মাটিকাটা হাওরের মাঝখান থেকে জয়নাল আবেদীনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পর প্রাথমিকভাবে অর্থনৈতিক লেনদেন নিয়ে একই গ্রামের মানিক ভুঞার সঙ্গে জয়নালের বিরোধের বিষয়টি সামনে আসে। এ ঘটনায় জয়নালের স্ত্রী বাদী হয়ে মানিক ভুঞাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হলে তদন্তে নতুন তথ্য উঠে আসে। সিআইডির তদন্তে জানা যায়, জমি বিক্রির টাকা নিয়ে জয়নালের কাছে ৩০ হাজার টাকা দাবি করেছিলেন শাহজাহান ওরফে সাজু। টাকা না দিলে জমি বিক্রির অর্থ ভোগ করতে না দেওয়ার পাশাপাশি জয়নালকে হত্যার হুমকিও দিয়েছিলেন তিনি।
অন্যদিকে, রতনের সঙ্গে মানিক ভুঞার দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জেরে মানিককে ফাঁসানো ও শায়েস্তা করার উদ্দেশ্যে তাঁর ঘনিষ্ঠ বন্ধু জয়নালকে হত্যার পরিকল্পনা করেন রতন। এ পরিকল্পনায় সাজু ও আবু তাহেরকে যুক্ত করেন তিনি।
সিআইডির তদন্ত অনুযায়ী, ২০০৮ সালের ১১ জানুয়ারি রাতে ধারালো অস্ত্র দিয়ে জয়নালের গলা কেটে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ হাওরের মাঝখানে ফেলে রাখা হয়।
তদন্তে হত্যাকাণ্ডে শাহজাহান ওরফে সাজু, রতন ও আবু তাহেরের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। তবে মানিক ভুঞা ও জামিল উদ্দিনের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাঁদের অব্যাহতির সুপারিশ করা হয়।
২০১২ সালের ৩১ মে সিআইডি ওই তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ১৮ বছর পর বুধবার এ মামলার রায় ঘোষণা করা হলো।










Disqus comments are not configured yet.