সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা বরাদ্দে আবেদন শুরু
পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী কর্মকর্তা-কর্মচারীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত যোগ্যতা ও প্রাধিকার অনুযায়ী বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে। আবেদন করতে হবে www.bashaonline.com ওয়েবসাইটের মাধ্যমে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ন্যূনতম ৪৬ হাজার ৯৭০ টাকা মূল বেতনপ্রাপ্ত পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা এফ-শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। আজিমপুর, ইস্কাটন, ধানমণ্ডি ও মিরপুর এলাকার বিভিন্ন আবাসিক ভবনে এ শ্রেণির বাসা রয়েছে।
ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য ই-শ্রেণির বাসা বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষেত্রে ন্যূনতম মূল বেতন হতে হবে ৩৫ হাজার ৫০০ টাকা। শাহজাহানপুর, সোবহানবাগ, মোহাম্মদপুর, মিরপুরের ন্যাম গার্ডেন, মিরপুর সেকশন-৬ ও পাইকপাড়ায় এ শ্রেণির বাসা রয়েছে।
এ ছাড়া ই-শ্রেণির ন্যূনতম প্রাপ্যতার ওপর ভাড়া কর্তনের শর্তে দশম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
সপ্তম, অষ্টম ও নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য ডি-১ শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে। এ ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ন্যূনতম মূল বেতন হতে হবে ২২ হাজার টাকা। শাহজাহানপুর ও গ্রিন রোড এলাকায় এ শ্রেণির বাসা রয়েছে।স
বিজ্ঞপ্তিতে অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ন্যূনতম নবম গ্রেডের স্থায়ী বা সাবস্ট্যানটিভ পদধারী কর্মকর্তাদের জন্য পূর্ণ ভাড়ায় ইস্কাটনের সরকারি অফিসার্স হাউজ (জিওএইচ), বেইলি স্কয়ার ও বেইলি ব্যাচেলর হোস্টেলে বিভিন্ন আকারের বাসা বরাদ্দ দেওয়া হবে।
ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য সার্কিট হাউজ রোড এলাকায় পূর্ণ ভাড়ায় বাসা বরাদ্দের সুযোগ রয়েছে। এ ছাড়া নির্ধারিত ভাড়ায় নিউ সার্কিট হাউজ, জিওএইচ গ্রিন রোড, ইলিশিয়াম, পুরাতন সার্কিট হাউজ ও বেইলি স্কয়ার এলাকায় অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি ১২ থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্য গ্রিন রোডে একক আসনের আবাসন সুবিধা রাখা হয়েছে।
পরিত্যক্ত শ্রেণির এফ, ডি ও বি শ্রেণির বাসাও বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া মিরপুর-৬-এর শিয়ালবাড়ি এলাকায় বি-শ্রেণির একটি ফ্ল্যাট বরাদ্দের জন্য রাখা হয়েছে।
পরিত্যক্ত এফ শ্রেণির বাসার জন্য পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, ডি শ্রেণির জন্য দশম থেকে দ্বাদশ গ্রেডের কর্মচারী এবং বি শ্রেণির জন্য ষোড়শ থেকে অষ্টাদশ গ্রেডের কর্মচারীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাসা বরাদ্দের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসরণ করতে হবে। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তথ্য দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনলাইনে আবেদন করার সময় সংশ্লিষ্ট তথ্যের প্রমাণক সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ অথবা যথাযথ প্রমাণক ছাড়া দাখিল করা আবেদন বিবেচনা করা হবে না।
একজন আবেদনকারী একটি বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ তিনটি বাসার জন্য আবেদন করতে পারবেন। বরাদ্দ পাওয়ার ১০ দিনের মধ্যে অথবা বরাদ্দপত্রে উল্লেখ করা নির্ধারিত তারিখের মধ্যে বাসার দখল গ্রহণ করতে হবে। অন্যথায় বরাদ্দ বাতিলযোগ্য হবে।
কোনো কর্মকর্তা বরাদ্দ পাওয়া বাসার দখল গ্রহণ না করলে অথবা পরবর্তী বিজ্ঞপ্তিতে নতুন বাসা বরাদ্দ পেয়ে আগের বাসাটি ছেড়ে দেওয়ার কথা জানালে অপেক্ষমাণ তালিকা থেকে আগের বাসাটি বরাদ্দ দেওয়া হবে।
কোনো কর্মকর্তা বা কর্মচারী পরপর দুবার বাসা বরাদ্দ পাওয়ার পরও দখল গ্রহণ না করলে পরবর্তী ছয়টি অনলাইন বিজ্ঞপ্তিতে বাসা বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন না।
পরিদপ্তর জানিয়েছে, প্রতিটি বিজ্ঞপ্তির কার্যক্রম শেষে পরবর্তী বিজ্ঞপ্তির ফল প্রকাশের আগপর্যন্ত অনলাইনে প্রাপ্ত জ্যেষ্ঠতার ভিত্তিতে একটি অপেক্ষমাণ তালিকা সংরক্ষণ করা হবে।
একইভাবে আগের বিজ্ঞপ্তিতে বাসা বরাদ্দের সুপারিশ পাওয়ার পর পরবর্তী বিজ্ঞপ্তির ফল প্রকাশের আগেই নির্ধারিত সময়ের মধ্যে দখল গ্রহণ না করলে বরাদ্দ বাতিল হতে পারে।
এর আগে হার্ডকপি বা ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করেও যাঁরা বাসা বরাদ্দ পাননি, তাঁরাও এবার অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের গ্রেডগত যোগ্যতার প্রমাণক বরাদ্দপত্র গ্রহণের সময় আবশ্যিকভাবে দাখিল করতে হবে।
বাসা বরাদ্দসংক্রান্ত তথ্য ও আবেদনের বিষয়ে প্রয়োজনে সরকারি আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালকের সঙ্গে ০১৩০৪২৪০৩২১ অথবা ০১৭১০০৬৮১৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে।







Disqus comments are not configured yet.