২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দিলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি পদক তুলে দেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
এবার আটটি স্বর্ণপদক ও ১৫টি রৌপ্য পদক প্রদান করা হয়। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বিকাশের স্বীকৃতি হিসেবে যাঁরা জাতীয় প্রাণিসম্পদ পদক পেয়েছেন, তাঁদের আন্তরিক অভিনন্দন। এই অর্জন দেশের প্রাণিসম্পদ খাতে আপনাদের অসামান্য অবদানের স্বীকৃতি। আপনাদের এই অর্জন দেশের লাখো উদ্যোক্তা, গবেষক এবং এই খাতসংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণার উৎস হবে বলে আমি মনে করি।’
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে গড়ে উঠবে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে উৎপাদিত প্রাণী ও প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার বিকল্প নেই। সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে।’
প্রধানমন্ত্রী আশা করেন, অচিরেই দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে।







Disqus comments are not configured yet.