ভৈরবে এনসিপি’র উপজেলা অফিস উদ্বোধন
কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাত ৭টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় নতুন কার্যালয়টির উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে ঢাকায় পুলিশের গুলিতে নিহত জোবায়েদের মা হোসনে আরা বেগম।
অনুষ্ঠানের আয়োজন করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও ভৈরব উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শরীফুল হক জয়।
এসময় উপস্থিত ছিলেন—বাজিতপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাহাগীর আলম মান্না, কেন্দ্রীয় এনসিপির নেতা সিহাব উদ্দিন তুহিন, নরসিংদীর বেলাবো উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. মারজান হক, কিশোরগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, ভৈরব উপজেলা এনসিপির প্রতিনিধি রিসান কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক মোসাবির সাব্বিরসহ অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে শরীফুল হক জয় বলেন, “আমরা স্বৈরাচারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করেছি। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের দল কাজ করছে।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে এনসিপির প্রার্থীকে বিজয়ী করতে হবে। এনসিপি ক্ষমতায় গেলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।”




