কিশোরগঞ্জে জামিয়া মারকাযুল কুরআন দারূস সুন্নাহ মাদ্রাসার ইসলামী সম্মেলন
কিশোরগঞ্জ সদরে পৌরসভার মনিপুরঘাট এলাকায় জামিয়া মারকাযুল কুরআন দারূস সুন্নাহ মাদ্রাসা–এর উদ্যোগে দাওরায়ে হাদিস অধ্যয়নরত ছাত্রদের খতমে বুখারী ও পাগড়ী প্রদান উপলক্ষ্যে এক বিরাট ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি রবিবার, ২৩ নভেম্বর, মাদ্রাসা সংলগ্ন মনিপুরঘাট জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি হাবিবুর রহমান কাসেমী, প্রধান অতিথি ছিলেন কেফায়াতুল্লাহ আল আজহারী, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা যুবায়ের আহমাদ সাহেব।
এ বছর মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যায়ের ১২ জন ছাত্রকে বুখারী শরীফের শেষ দরস প্রদান করেন ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও জামিয়া ইমদাদিয়ার শাইখুল হাদিস শফিকুর রহমান জালালাবাদী, যিনি ছাত্রদের পাগড়ীও পরিয়ে দেন।
সম্মেলনে কিশোরগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়ার উস্তাদগণ এবং দেশের বিভিন্ন আলেম অংশগ্রহণ করে মাহফিলে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় মানুষ এবং মুসলমান উম্মতের হেদায়াত, দেশ ও জাতির শান্তির জন্য উপদেশমূলক বক্তব্য প্রদান করা হয় এবং দোয়া করা হয় সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণের জন্য।
শেষে প্রধান অতিথি কেফায়াতুল্লাহ আল আজহারী–এর বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্ত হয়।




