পাকুন্দিয়ায় পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক দুটি দুর্ঘটনায় মো. ইসমাইল হোসেন (২৫) ও টুটুল মিয়া (৩২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আদিত্যপাশা এলাকায় এবং সন্ধ্যায় চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন হোসেনপুর উপজেলার আসুতিয়া ইউনিয়নের গকুলনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে। অপর নিহত টুটুল মিয়া পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামের বকুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে পাকুন্দিয়া উপজেলার আদিত্যপাশা এলাকায় নিজের অটোরিকশা মেরামতের সময় একটি চাকা খুলে ফেলেন ইসমাইল হোসেন। এ সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সন্ধ্যার দিকে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে একটি মাইক্রোবাসের চাপায় বাইসাইকেল আরোহী টুটুল মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




