বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

বিশ্বের বুকে নারী জাতিকে সম্মানিত করেছেন বেগম খালেদা জিয়া: অ্যাড. জালাল উদ্দিন

মাইনুল হক মেনু প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বিশ্বের বুকে নারী জাতিকে সম্মানিত করেছেন বেগম খালেদা জিয়া: অ্যাড. জালাল উদ্দিন

বিশ্বের বুকে নারী জাতিকে সম্মানিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া। কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারের আয়োজনে এবং পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জাহানারা এমদাদের সার্বিক তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কিশোরগঞ্জ-২ কটিয়াদী-পাকুন্দিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া নারীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। তিনি বয়স্ক ভাতা ও বিধবা ভাতা চালু করেন। বিএনপি ক্ষমতায় গেলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষি কার্ড এবং চিকিৎসা কার্ড চালু করা হবে। এসব কার্ডের মাধ্যমে জনগণ ৩০ থেকে ৪০ ধরনের সুযোগ সুবিধা পাবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে বেকার সমস্যা দূর করতে বিনা সুদে ঋণ দিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

রবিবার সকাল ১১টায় স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ সভাপতি ও কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য গোলাম ফারুক চাষীসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুর রহমান বাদল, মো. আতিকুর রহমান আতিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া মাস্টার, উপজেলা কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম বাবলু, সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, সাবেক মহিলা কাউন্সিলর মোছা তিতাস বেগমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে কটিয়াদী পৌর সদর ও আশপাশের এলাকা থেকে প্রায় দেড় হাজার নারী কর্মী অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

চলন্ত সিএনজিতে আগুন, ইঞ্জিনে মিলল ১৯ কেজি গাঁজা

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
চলন্ত সিএনজিতে আগুন, ইঞ্জিনে মিলল ১৯ কেজি গাঁজা

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশায় হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগুন নেভানোর সময় গাড়িটির ইঞ্জিনের ভেতর থেকে ১০ পোটলায় প্রায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে পৌর শহরের চণ্ডিবের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজি চালিত অটোরিকশা চলন্ত অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুন নেভানোর একপর্যায়ে সিএনজির ইঞ্জিনের ভেতরে কালো পলিথিনে মোড়ানো ৯টি অক্ষত বান্ডেল এবং একটি ছেঁড়া বান্ডেলসহ মোট ১০টি পোটলা পাওয়া যায়। পরে সেগুলোতে গাঁজা রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

গাঁজা উদ্ধারের ঘটনা টের পেয়ে সিএনজির চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি জব্দ করে এবং উদ্ধারকৃত গাঁজা থানায় নিয়ে যায়। এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ আনুমানিক ১৯ কেজি। সিএনজিটি কোন এলাকা থেকে কোথায় যাচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএমপির ডিসি মিজানুর রহমান কিশোরগঞ্জের নতুন এসপি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
ডিএমপির ডিসি মিজানুর রহমান কিশোরগঞ্জের নতুন এসপি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা।

মিজানুর রহমান কুমিল্লার দেবিদ্বার উপজেলার গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশন থেকে এসএসসি এবং সুজাত আলী সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন—উভয় পরীক্ষায়ই প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে প্রথম শ্রেণি অর্জন করেন।

২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদানের পর তিনি দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। পাশাপাশি র‍্যাব, এপিবিএন (APBn) এবং পিবিআইতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন, যানজট নিরসন এবং আইন প্রয়োগে দক্ষতার স্বাক্ষর রাখেন। গুলশান, বনানী ও বারিধারা এলাকার বিভিন্ন আবাসিক সোসাইটির সঙ্গে সমন্বয় করে কার্যকর ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করেন। জনদুর্ভোগ কমাতে তার এসব উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার ‘শ্রেষ্ঠ ডিসি’ পুরস্কার অর্জন করেন।

ব্যক্তিগতভাবে তিনি লেখালেখির সঙ্গেও যুক্ত। ‘রহমান শেলী’ ছদ্মনামে সহজ ও সাবলীল ভাষায় লিখে থাকেন। যদিও তার সরকারি নাম মোহাম্মদ মিজানুর রহমান। কবিতা, উপন্যাস, ক্রাইম ফিকশন, গোয়েন্দা কাহিনী, সমসাময়িক বিষয়সহ বিভিন্ন ধারায় তার লেখালেখি বিস্তৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৪টি, যা ‘রহমান শেলী’ নামেই প্রকাশিত। সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি ১৯৯৯ সালে প্রথম আলো বন্ধুসভার ‘শ্রেষ্ঠ লেখক’ পুরস্কার লাভ করেন। এছাড়া ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে পুলিশ সংগীত রচনার জন্য পুরস্কৃত হন। কাব্য মালাঞ্জলি সাহিত্য পুরস্কার এবং কৃষ্টি ও কালচার সাহিত্য পুরস্কারও অর্জন করেছেন তিনি।

কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

কিশোরগঞ্জে ৩৯ পিস ইয়াবাসহ শীর্ষ মাদককারবারি আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ৩৯ পিস ইয়াবাসহ শীর্ষ মাদককারবারি আটক

কিশোরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ আ. মান্নান (৩৫) নামে এক শীর্ষ মাদককারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২০ এপ্রিল) রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আ. মান্নান কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি এলাকায় তালিকাভুক্ত একজন শীর্ষ মাদককারবারি।

গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। দীর্ঘ নজরদারির পর অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আ. মান্নান পালানোর চেষ্টা করলে চারদিক থেকে ঘেরাও করে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই মামুনুর রশিদ জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং তরুণ সমাজকে বিপথগামী করছিলেন। মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওসি মোহাম্মদ আবুল কামাল ভূঞা বলেন, “মাদক ও কিশোর গ্যাং নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জালুয়াপাড়া এলাকা থেকে চিহ্নিত মাদককারবারি মান্নানকে ইয়াবাসহ আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।