অলিম্পিক ডেতে শরীরচর্চা ও খেলাধুলার আহ্বান সেনাপ্রধানের
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ, সক্রিয় ও শৃঙ্খলাপূর্ণ জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অলিম্পিক আন্দোলনের মূল তিন মূল্যবোধ—এক্সিলেন্স (Excellence), ফ্রেন্ডশিপ (Friendship) ও রেসপেক্ট (Respect)—সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (২৭ জুন) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অলিম্পিক ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় রাজধানী ঢাকায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ‘You Can Do This, Let’s Move’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের কর্মসূচির মূল লক্ষ্য ছিল ক্রীড়াবিদসহ সর্বস্তরের মানুষকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় উদ্বুদ্ধ করা।
সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে র্যালিটি শুরু হয়ে এয়ারপোর্ট রোড ও স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ক্রীড়া প্রদর্শনী। পরে সেনাপ্রধান অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের আরও সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষে র্যালি ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, অলিম্পিয়ান, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী এবং গণমাধ্যমকর্মীসহ দেড় হাজারের বেশি মানুষ এ আয়োজনে অংশগ্রহণ করেন।




