করিমগঞ্জে র্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ।
র্যাব জানায়, বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ জুন) বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটে করিমগঞ্জ উপজেলার বালিখলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বালিখলা এলাকায় স্থাপিত একটি অস্থায়ী চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুহুল আমিন (৩৫), মো. জুবাই মিয়া (৩৫) এবং আল আমিন (৪০)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
র্যাবের উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল পরীক্ষা করে ৮ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য, জব্দকৃত আলামত এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ জানায়, মাদক নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







