হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় চার সন্তানের জননীর মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় হাফিজা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি চার সন্তানের জননী। হাফিজা খাতুন পৌর সদরের পশ্চিম দ্বিপেশ্বর গোলচত্বর এলাকার মো. কদ্দুছ পাঠানের স্ত্রী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হাফিজা খাতুন উপজেলা সদরের অগ্রণী ব্যাংকে টাকা তুলতে যান। ব্যাংকের সন্নিকটে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে ময়মনসিংহে নেওয়ার পথে বিকেল আনুমানিক ৫টার দিকে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।
হাফিজা খাতুনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।






