জেএসসি বৃত্তিতে পাকুন্দিয়ার আসিয়া বারি বিদ্যালয়ের সাফল্য
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়-এর ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জনই বৃত্তি লাভের কৃতিত্ব অর্জন করেছে। এর মধ্যে ১৩ জন ট্যালেন্টপুল এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
বুধবার প্রকাশিত জেএসসি ও সমমানের বৃত্তি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। ফলাফল ঘোষণার পর থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। উপজেলাজুড়েও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ সাফল্যের পেছনে রয়েছে ধারাবাহিক পরিকল্পনা ও নিবিড় তত্ত্বাবধান। নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য হোম ভিজিট, গাইড শিক্ষক নিয়োগ, বিশেষ ক্লাস এবং আফটার স্কুল কেয়ার কার্যক্রম চালু করা হয়। যেসব শিক্ষার্থী কোনো বিষয়ে দুর্বল ছিল, তাদের জন্য আলাদা নজরদারি ও বাড়তি সহায়তার ব্যবস্থা নেওয়া হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জানায়, শিক্ষকদের আন্তরিকতা ও নিয়মিত দিকনির্দেশনার ফলেই তারা ভালো ফল করতে পেরেছে। বিদ্যালয়ের পাশাপাশি বাসায় পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরিতে অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম বলেন, “এ বছর আমাদের বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৯ জন বৃত্তি পেয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা যত্ন নেওয়া হয়েছে। হোম ভিজিট ও বিশেষ ক্লাসের মাধ্যমে তাদের প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা ধরে রাখতে আমরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”










