অষ্টগ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে তৌহিদুল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম আলিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম উপজেলার ভাতশালা গ্রামের আবদুল মজিদের ছেলে এবং পশ্চিম আলিনগর গ্রামের কৃষক আবু তুরাবের নাতি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আবু তুরাবের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পাশের ঘরে ঘুমিয়ে থাকা তৌহিদুল দগ্ধ হয়। তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, শিশুটির শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসাব বাবু।
এদিকে আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।











