বাজিতপুর-নিকলীতে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের ঘোষণা: মুজিবুর রহমান ইকবাল
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা হলরুমে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাজিতপুর-নিকলীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বাজিতপুর-নিকলী এলাকার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিয়ে না আসার নির্দেশনা দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক। এছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সরারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির ডাক্তার ইয়াকুত আলী এবং বাজিতপুর উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মো. খলিলুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও শহিদুল ইসলাম সোহাগ বলেন, “উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। তবে যেকোনো ধরনের অপরাধ, গুজব ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। জনগণের সহযোগিতায় একটি নিরাপদ ও উন্নয়নমুখী বাজিতপুর গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”
সভায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, উপজেলা দপ্তরসমূহের প্রধান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।










