হোসেনপুরে ফুডগ্রেডের নামে টেক্সটাইল রং, অভিযানে জরিমানা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা–এ নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভেজাল ও অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মোহসীন মাসনাদের নেতৃত্বে উপজেলার নতুন বাজারে এ অভিযান চালানো হয়। বাজারে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়।
অভিযান চলাকালে বিভিন্ন দোকান তদারকি করা হয়। এ সময় ফুডগ্রেড কালারের নামে টেক্সটাইল গ্রেড রং ব্যবহার করার দায়ে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে সংরক্ষিত রং জব্দ করে তা তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহসীন মাসনাদ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে যেন কোনো ধরনের ভেজাল, অতিরিক্ত মূল্য আদায় বা অনিয়ম না ঘটে, সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে।




