শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

হোসেনপুরে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

এস কে শাহীন নবাব প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হোসেনপুরে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারিভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় হতদরিদ্র মানুষের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে গোবিন্দপুর ইউনিয়নে ৭ হাজার ৪৪৪ জন উপকারভোগীর জন্য ৭৪ দশমিক ৪৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জিনারী ইউনিয়নে ৪ হাজার ৬৮১ জনের জন্য ৪৬ দশমিক ৮১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া সিদলা ইউনিয়নে ৬ হাজার ৩৪৭ জন উপকারভোগীর জন্য ৬৩ দশমিক ৪৭ মেট্রিক টন চাল, আড়াইবাড়িয়া ইউনিয়নে ২ হাজার ৪৭ জনের জন্য ২০ দশমিক ৪৭ মেট্রিক টন চাল এবং শাহেদল ইউনিয়নে ৩ হাজার ৭৬৭ জনের জন্য ৩৭ দশমিক ৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

পুমদী ইউনিয়নে ৫ হাজার ৯৫৪ জন উপকারভোগীর জন্য ৫৯ দশমিক ৫৪ মেট্রিক টন চাল এবং হোসেনপুর পৌরসভায় ৩ হাজার ৮৫ জন কার্ডধারীর জন্য ৩০ দশমিক ৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্ধারিত কার্ডধারী হতদরিদ্র মানুষের মাঝে এই চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, ভিজিএফের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম, কারচুপি বা মাপে কম দেওয়ার ঘটনা সহ্য করা হবে না। প্রতিটি কার্ডধারী হতদরিদ্র মানুষ সঠিকভাবে ১০ কেজি করে চাল পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে যাতে উপজেলার অসহায় ও নিম্নআয়ের মানুষ কিছুটা স্বস্তি পায়, সে জন্য সরকারের এই সহায়তা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করছে।


কটিয়াদীতে হাওরে নৌকা ডুবিতে প্রাণ গেল ধান কাটা শ্রমিকের

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার: প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
কটিয়াদীতে হাওরে নৌকা ডুবিতে প্রাণ গেল ধান কাটা শ্রমিকের

কিশোরগঞ্জের কটিয়াদীতে হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবিতে আরিফুল ইসলাম কালুমিয়া (২০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার চান্দপুর ইউনিয়নের রৌয়ার বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম ময়মনসিংহের ফুলপুর উপজেলার সন্ন্যাসীচর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দিনের কাজ শেষে ধান বোঝাই নৌকায় করে ফিরছিলেন আরিফুল ও তার সহকর্মী জসিম। পথে হঠাৎ নৌকাটি ডুবে গেলে জসিম সাঁতরে তীরে উঠতে পারলেও আরিফুল পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে নামে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর ডুবুরিদের সহায়তায় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়।
চান্দপুরের সেকেরপাড়া গ্রামের বাসিন্দা ইসমাঈল হোসেন বলেন, প্রতিদিনের মতো কাজ শেষে ফেরার পথেই এমন দুর্ঘটনা—এটা খুবই হৃদয়বিদারক।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
হাওরজুড়ে ধান কাটার মৌসুমে এমন দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আরিফুলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবসে কুলিয়ারচরে আলোচনা সভা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী শরিফুল আলম

আজিজুল ইসলাম, কুলিয়ারচর প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
আন্তর্জাতিক শ্রমিক দিবসে কুলিয়ারচরে আলোচনা সভা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী শরিফুল আলম

 

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১ মে, ২০২৬) বিকেলে কুলিয়ারচর উপজেলা অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।
​উপজেলা শ্রমিক দল -এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. শরিফুল আলম এমপি।
​আলোচনা সভায় বক্তারা মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​জনাব এডভোকেট মশিউর রহমান, সহ-সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপি।
​জনাব মো. কিতাব আলী মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপি, কুলিয়ারচর উপজেলা শাখা।
​জনাব এম এ হান্নান, সাধারণ সম্পাদক, বিএনপি, কুলিয়ারচর উপজেলা শাখা।
​জনাব হাজী মো. শাহ আলম, সাধারণ সম্পাদক, বিএনপি, কুলিয়ারচর পৌর শাখা।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জনাব সারফ উদ্দিন খান স্বপন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুলিয়ারচর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব জনাব তৌহিদুল ইসলাম বিপ্লব।
​সভায় উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মে দিবসের তাৎপর্য এবং শ্রমিক সংহতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

‘সব নদী হয়ে গেছে, হাওর ঘুরে আবেগঘন মন্তব্য এমপি এড. ফজলুর রহমানের

মোঃ আলী রহমান খান প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
‘সব নদী হয়ে গেছে,  হাওর ঘুরে আবেগঘন মন্তব্য এমপি এড. ফজলুর রহমানের

: অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম-ইটনা-মিঠামইনের কৃষকদের দুঃখ দূর্দশা স্বচক্ষে পরিদর্শন শেষে কৃষকদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসতে দেশি-বিদেশি সংস্থা ও উন্নত রাষ্ট্রের প্রতি আহবান জানান কিশোরগঞ্জ ৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের সংসদ সদস্য এড. ফজলুর রহমান।
তিনি বলেন, আমি আমার নির্বাচনী এলাকার ২৪টি ইউনিয়নের হাওর ঘুরে যা দেখেছি তাতে এটা হাওর বলে মনে হয়না, সব নদী হয়ে গেছে। এই নদীতে তলিয়ে গেছে কৃষকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন সোনালী ধান, হারিয়ে গেছে তাদের সাধ ও স্বপ্ন। এমন দূর্যোগ আমি আমার দীর্ঘ জীবনে খুব কমই দেখেছি। হাওরের এমন কোন ঘর নেই , এমন কোন কৃষক নেই যারা এই দুর্যোগে ক্ষতিগ্রস্থ হয়নি। তিনি আরও বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, হাওরের ক্ষতিগ্রস্থ কৃষকদের আগামী তিন মাস খাদ্য সহায়তা প্রদান করা হবে। এরই মধ্যে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আমার সকল নেতা-কর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাঁড়িয়ে এই দুর্যোগ মোকাবেলা করতে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে হাওরের কৃষকদের পাশে থাকবো ইনশাল্লাহ। শনিবার (২ মে) বিকেলে অষ্টগ্রামের জিরো পয়েন্ট এলাকায় সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য এড. ফজলুর রহমান। ।

এসময় জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এড. উম্মে কুলছুম রেখা, উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।