মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ ১৪৩২
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ ১৪৩২

কিশোরগঞ্জে জেলা পরিষদের ‘প্রকল্প পরিচালক’ ভুয়া দাবি, থানায় জিডি

রেজাউল হক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে জেলা পরিষদের ‘প্রকল্প পরিচালক’ ভুয়া দাবি, থানায় জিডি

কিশোরগঞ্জে জেলা পরিষদের ‘প্রকল্প পরিচালক’ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) কিশোরগঞ্জ সদর থানায় এ জিডি দায়ের করা হয়।

জানা গেছে, জেলা পরিষদের অর্গানোগ্রামে ‘প্রকল্প পরিচালক’ নামে কোনো পদের অস্তিত্ব নেই। অথচ একটি চক্র এই ভুয়া পদ ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অনুদান দেওয়ার কথা বলে টাকা দাবি করছে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের মৌখিক নির্দেশে জেলা পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা প্রদীপ চন্দ্র দাস থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জিডিতে উল্লেখ করেন, একটি মোবাইল নম্বর(০১৬৩২-১৯৩৭৯৮) ব্যবহার করে নিজেকে জেলা পরিষদের প্রকল্প পরিচালক(আব্দুল্লাহ আল মামুন) পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা চালানো হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, প্রতারক চক্রটি চাল-ডাল, শিক্ষা উপকরণসহ বিভিন্ন সহায়তা দেওয়ার কথা বলে টাকা দাবি করছে এবং একাধিক ব্যক্তিকে ফোন দিয়ে বিভ্রান্ত করছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, জিডিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার প্রতি আহ্বান জানিয়েছে।

ভৈরবে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু, একজনের পরিচয় অজ্ঞাত

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
ভৈরবে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু, একজনের পরিচয় অজ্ঞাত

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের আউটার সিগন্যাল এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও খয়েরি রঙের শার্ট ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি রেললাইন দিয়ে হাঁটার সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিচয় শনাক্তে জেলা পিবিআইকে জানানো হয়েছে।

অন্যদিকে, এর আগের রাতেই স্টেশনের পশ্চিম আউটার এলাকায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়। পরে পিবিআই তার পরিচয় শনাক্ত করলে স্বজনদের খবর দেওয়া হয়। মঙ্গলবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, নিহত ওই ব্যক্তি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বাসিন্দা ছিলেন।

প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় ১০৮ বছর পূর্তি উদযাপনের ঘোষণা সাংসদ ইকবালের

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় ১০৮ বছর পূর্তি উদযাপনের ঘোষণা সাংসদ ইকবালের

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহ্যবাহী সরারচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ মো. নুরুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর-নিকলী আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শেখ মুজিবুর রহমান ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ষড়যন্ত্রের কারণে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই ১০৮ বছর পূর্তি জাঁকজমকভাবে উদযাপন করা হবে।” তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মো. শাজাহান, ডা. আব্দুর সবুর, ডা. বোরহানউদ্দিন ভূঁইয়া, অবসরপ্রাপ্ত জেলা জজ ড. ফজলে এলাহী ভূঁইয়া, ডা. অজন্তা রানী সাহা, ডা. ফজলুল কাদের খান, অ্যাডভোকেট হাদিউল ইসলাম বাদল, অ্যাডভোকেট তৌহিদ ফাহতাহ, মো. বজলুর মজিদ হারুন, সরারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন, বোরহানউদ্দিন বকুল, আলে মোহাম্মদ আলম, মো. মহসিন মিয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি শাহ জহিরুল ইসলাম সুমন, প্রাক্তন শিক্ষক জহিরুল ইসলাম রতন মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতা রানী দত্ত এবং শিক্ষক মো. শাহজাদা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন মো. সরফুল ইসলাম ও জহিরুল ইসলাম কাজল। সঞ্চালনায় ছিলেন বাবু সুকন দত্ত ও রেজাউল রহমান রাজীব। এ সময় আব্দুল বারেকসহ বিভিন্ন ব্যাচের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী, দেশ-বিদেশে কর্মরত প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তব্য পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

ভৈরবে রিচার্জ কার্ড আনতে গিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
ভৈরবে রিচার্জ কার্ড আনতে গিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের ভৈরবে বাবার জন্য মোবাইল রিচার্জ কার্ড আনতে গিয়ে ইমন (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমন ওই গ্রামের পাগলা বাড়ির ইসা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ি ও শেখ বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যার পর ইমনকে তার বাবা মোবাইল রিচার্জ কার্ড আনতে দোকানে পাঠান। ফেরার পথে শেখ বাড়ির কয়েকজনের সঙ্গে তার সামান্য ধাক্কাধাক্কি ও কথা কাটাকাটি হয়।

এরই জেরে প্রতিপক্ষের লোকজন ইমনকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে অ্যাম্বুলেন্স আসার আগেই তার মৃত্যু হয়।

নিহতের পিতা ইসা মিয়া অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।”

নিহতের স্বজনরা অভিযোগ করেন, প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জুঁই জানান, “রাত ১১টার দিকে ইমন নামে এক কিশোরকে গুরুতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করার প্রস্তুতির মধ্যেই তার মৃত্যু হয়।”

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব বিন ইসলাম বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”