রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘এখন আর কিছুই আমাকে অবাক করে না’- বিসিবির পরিবর্তন নিয়ে ফিল সিমন্স

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
‘এখন আর কিছুই আমাকে অবাক করে না’- বিসিবির পরিবর্তন নিয়ে ফিল সিমন্স

মুখে চওড়া হাসি রেখেই প্রশ্নের জবাব দিলেন ফিল সিমন্স। তাঁর উত্তর শুনে হাসলেন উপস্থিত সাংবাদিকরাও। নানা চড়াই–উতরাই পেরিয়ে আসা ৬৩ বছর বয়সী এই ওয়েস্ট ইন্ডিয়ান কোচ জানান, জীবনের এই পর্যায়ে এসে আর কিছুই তাঁকে অবাক করে না।

২০২৪ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেন সিমন্স। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি ছিলেন ফারুক আহমেদ। ওই বছরের ১৬ মে সিমন্স বাংলাদেশে আসার কয়েক সপ্তাহ পরই ফারুক আহমেদকে সরিয়ে সভাপতি করা হয় আমিনুল ইসলামকে।

পরবর্তীতে প্রায় ১০ মাস দায়িত্বে থাকার পর গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলামের কমিটি ভেঙে দেয়। বর্তমানে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল

এত দ্রুত নেতৃত্ব পরিবর্তন সিমন্সকে অবাক করেছে কি না—নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন,
“জীবনে কোনো কিছুই আমাকে আর অবাক করে না (হাসি)। এটি বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত নয়, বরং জীবন সম্পর্কে আমার উপলব্ধি। এত চড়াই–উতরাই দেখেছি যে, প্রতিদিন কী হতে পারে, তা নিয়ে আমি বিস্মিত হই না।”

সিমন্স আরও জানান, বোর্ড সভাপতির পরিবর্তন তাঁর কাজের ওপর কোনো প্রভাব ফেলেনি। তিনি বলেন,
“একটি সিরিজের প্রস্তুতির জন্য আমরা যেভাবে দলকে তৈরি করি বা যে পরিশ্রম করি, সেখানে সভাপতি বদলের কোনো প্রভাব পড়েনি। কোচিং গ্রুপ হিসেবেও আমাদের কাজের ধরনে এর কোনো পরিবর্তন আসেনি।”

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তন ও নানা আলোচনার মধ্যেও জাতীয় দলের প্রস্তুতি ঠিকঠাক হয়েছে বলে মনে করেন তিনি। খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন সিমন্স।

তিনি বলেন, “আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, ঠিক সেভাবেই প্রস্তুতি শেষ করেছি। খেলোয়াড়দের ওপর কোনো মানসিক প্রভাব পড়েছে বলে আমি দেখিনি। তারা আগের মতোই কঠোর পরিশ্রম করেছে—কেউ কেউ তো স্বাভাবিকের চেয়েও বেশি।”

সংবাদ সম্মেলনের শুরুতেই বোর্ডের পরিবর্তন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলেও এক পর্যায়ে সিমন্স বলেন, “চলুন, আমরা ক্রিকেটে ফিরে যাই…”

আগামী শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে। সব ম্যাচই শুরু হবে সকাল ১১টায়। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দুই দল।


শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গড়ার আহ্বান, কুলিয়ারচরে বিএনপির স্মরণসভা

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গড়ার আহ্বান, কুলিয়ারচরে বিএনপির স্মরণসভা

শহীদ জিয়ার অবদান ইতিহাসে অম্লান: কটিয়াদীতে বিএনপির আলোচনা সভা

মাইনুল হক মেনু প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ণ
শহীদ জিয়ার অবদান ইতিহাসে অম্লান: কটিয়াদীতে বিএনপির আলোচনা সভা

কিশোরগঞ্জের কটিয়াদীতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের প্রণেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় কটিয়াদী উপজেলার স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর ভূমিকা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জায়দুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান কাঞ্চন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু, সৈয়দ সামসুল আরেফিন তারা ও মো. আতিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক চাঁন মিয়া মাস্টার, উপজেলা কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইলিয়াস আলী, পৌর যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান ও সদস্য সচিব আব্দুল আজিজ প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান উবায়দুর এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অনন্য রাষ্ট্রনায়ক। স্বাধীনতার ঘোষণা, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন কর্মসূচি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যুবসমাজকে কর্মমুখী করে তোলা এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে শহীদ জিয়ার বিভিন্ন পদক্ষেপ আজও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। তিনি ছিলেন সাধারণ মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ নেতা এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ছিলেন আপসহীন।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জালালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুল আলম মাসুদ।

দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মাঝে মিষ্টি ও তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

নাতিদের নির্যাতনের অভিযোগে বৃদ্ধার আত্মহত্যা, শোকে স্তব্ধ এলাকাবাসী

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
নাতিদের নির্যাতনের অভিযোগে বৃদ্ধার আত্মহত্যা, শোকে স্তব্ধ এলাকাবাসী

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নাতিদের নির্যাতন ও মানসিক চাপ সহ্য করতে না পেরে মোর্তুজা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মোর্তুজা বেগম কুলিয়ারচর উপজেলার খড়কমারা গ্রামের মৃত জিল্লু মিয়ার স্ত্রী। শনিবার (৩০ মে) দুপুর আনুমানিক ২টার দিকে কুলিয়ারচর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোর্তুজা বেগমের মেয়ে জাহানারা বেগম (৩৮) এবং তার দুই ছেলে রাকিব মিয়া (১৮) ও সাকিব মিয়া (১৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। অভিযোগ রয়েছে, মাদকের টাকার জন্য তারা প্রায়ই বৃদ্ধার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। গত শুক্রবার রাতেও টাকার দাবিতে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।

প্রতিবেশীরা জানান, নাতিদের মাদকাসক্তি, পারিবারিক কলহ ও অশান্তির কারণে দীর্ঘদিন ধরে পরিবারটি নানা সমস্যার মধ্যে ছিল। একদিকে নাতিদের নির্যাতন, অন্যদিকে বসবাসের জায়গা নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে মোর্তুজা বেগম চরম মানসিক চাপে ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোর্তুজা বেগম দীর্ঘদিন ধরে কুলিয়ারচরের সাবেক চেয়ারম্যান মরহুম মিল্লাত মিয়ার বাড়িতে মেয়ে ও নাতিদের নিয়ে বসবাস করতেন। জীবিকার প্রয়োজনে একসময় অন্যের বাড়িতে কাজ করলেও বয়সের ভারে বর্তমানে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করছিলেন।

স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া জানান, ঘটনার দিন সকালে মোর্তুজা বেগম তার কাছে নাতিদের নির্যাতন ও টাকার চাপের বিষয়ে বিচার চেয়ে এসেছিলেন। তিনি অত্যন্ত হতাশ ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানান ফারুক মিয়া।

নিহতের বোন জুমিলা বেগম বলেন, “আমার বোনকে তার নাতিরা দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য নির্যাতন করত। নানা দুশ্চিন্তা ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।”

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দিদার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।