সরকারি বীজ খোলা বাজারে! করিমগঞ্জে ৮০ কেজি পাট বীজ জব্দ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার করেছে প্রশাসন। অভিযোগ উঠেছে, এসব বীজ অবৈধভাবে বাজারে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, করিমগঞ্জ উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রানা মজুমদার জনৈক আব্দুল মালেকের মাধ্যমে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল প্রায় ৩টার দিকে রিকশাযোগে করিমগঞ্জ বাজারে বীজ ব্যবসায়ী মনা বাবুর দোকানে এসব বীজ পৌঁছে দেন।
গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সরকারি গোয়েন্দা সংস্থার সদস্য ও কয়েকজন গণমাধ্যমকর্মী উপস্থিত হন। এ সময় বীজ ও কীটনাশক ব্যবসায়ী মো. ফেরদৌস বীজ বিক্রির মধ্যস্থতায় জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত পাট উন্নয়ন কর্মকর্তা রানা মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবিরের সহযোগিতায় বীজগুলো উদ্ধার করে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ফেরত আনা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে। তারা জানান, বিনামূল্যে বিতরণের সরকারি বীজ খোলা বাজারে বিক্রির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ওই কর্মকর্তার বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে কার্যকর জবাবদিহিতার অভাবে তিনি বারবার দায় এড়িয়ে গেছেন। নিয়মিত অফিসে উপস্থিত না থেকেও সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তবে এবার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা। তিনি বলেন, “ঘটনার সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array