কিশোরগঞ্জে সরকারি পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, সৌন্দর্যবর্ধনে জেলা প্রশাসনের বড় উদ্যোগ
প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ পৌরসভা ও কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত একটি সরকারি পুকুরে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে পুকুরের কচুরিপানা অপসারণসহ পরিবেশ পুনরুদ্ধারে অংশ নেন বিডি ক্লিন কিশোরগঞ্জের ৭৫ জন স্বেচ্ছাসেবক।
আয়োজকরা জানান, সরকারি পুকুরটি পরিচ্ছন্ন ও জনবান্ধব পরিবেশে রূপান্তর এবং পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা ও আবর্জনা অপসারণ করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, কচুরিপানা অপসারণের পর পুকুরের পানিতে চুন প্রয়োগ করা হবে। এরপর সেখানে মাছ চাষের উদ্যোগ নেওয়া হবে, যাতে জলাশয়টি কার্যকরভাবে ব্যবহারের পাশাপাশি স্থানীয় জনগণও উপকৃত হতে পারেন।
জেলা প্রশাসক আরও জানান, পুকুরের চারপাশে গাইড ওয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ জলাশয়কে কেন্দ্র করে সাঁতার প্রতিযোগিতার আয়োজনেরও উদ্যোগ নেওয়া হবে। এতে একদিকে যেমন ক্রীড়া চর্চার সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে সরকারি সম্পদের যথাযথ ব্যবহারও নিশ্চিত হবে।
তিনি জেলার সব সরকারি ও বেসরকারি স্থানে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। একই সঙ্গে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ায় বিডি ক্লিন কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী, কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ, বিডি ক্লিন কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।







