বৃদ্ধ বাবাকে হত্যার মামলায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌধুরীহাটি গ্রামের বাসিন্দা রেজ্জাকুল ইসলাম (রেজ্জাক) হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ। গ্রেপ্তাররা হলেন নিহতের ছেলে আলম মিয়া (৩৫) এবং পুত্রবধূ রেখা খাতুন (৩২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল থানার একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, নিহত রেজ্জাকুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার চৌধুরীহাটি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে পৃথকভাবে বসবাস করতেন। তাঁর দুই ছেলের মধ্যে ছোট ছেলে সৌদি আরবে প্রবাসী এবং বড় ছেলে আলম মিয়া পরিবারের সঙ্গেই থাকতেন।
প্রাথমিক তদন্তে র্যাব জানতে পারে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলম মিয়া ও তাঁর স্ত্রী রেখা খাতুনের সঙ্গে রেজ্জাকুল ইসলাম ও তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
মামলার এজাহার ও র্যাবের তথ্যমতে, গত ১৭ জুন সন্ধ্যা প্রায় ৭টা ৫ মিনিটে বাড়ির একটি কাঁঠালগাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে বাবা, ছেলে ও পুত্রবধূর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলম মিয়া ও রেখা খাতুন রেজ্জাকুল ইসলামের ওপর হামলা চালিয়ে কিল, ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৮ জুন কিশোরগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।
মামলা দায়েরের পর থেকেই র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি চালায়। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array