ঢাকার বাইরে প্রথম জাতীয় আয়োজনে প্রধানমন্ত্রীর অপেক্ষায় কিশোরগঞ্জ
প্রথমবারের মতো ঢাকার বাহিরে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের একটি অনুষ্ঠান। আগামী রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
গ্রামের মাঠে জাতীয় এই আয়োজনকে ঘিরে কটিয়াদীজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কটিয়াদীতে যেন নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। প্রশাসনিক ব্যস্ততা, রাজনৈতিক তৎপরতা ও সাধারণ মানুষের উৎসাহে উপজেলার বিভিন্ন এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান। এরই মধ্যে সেখানে বিশাল মঞ্চ ও হলরুম প্রস্তুত করা হয়েছে। মাঠজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পাশাপাশি প্রধানমন্ত্রী চারিপাড়া সরকারি হ্যাচারি ও একটি বেসরকারি হ্যাচারি পরিদর্শন করবেন বলে জানা গেছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছ চাষ ও উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাছাই করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গোল্ড পদক দেওয়া হবে। প্রথমবারের মতো রাজধানী ঢাকার বাইরে উপজেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। কটিয়াদীর এই আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী—এমনটাই জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশাও বেড়েছে। কর্মসংস্থান সৃষ্টি, গ্যাস সংযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, পৌর নাগরিকসেবার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়ন, নদ-নদী খনন, কৃষির উন্নয়নে কোল্ড স্টোরেজ স্থাপন এবং কলকারখানা গড়ে তোলাসহ বিভিন্ন দাবির কথা বলছেন স্থানীয়রা।
কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন বলেন, “প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কিশোরগঞ্জের মানুষ প্রস্তুত। এই সফর কটিয়াদী ও পাকুন্দিয়ার উন্নয়নের ক্ষেত্রে মাইলফলক হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে জনগণের দাবিদাওয়া তুলে ধরব।”
তিনি বলেন, জাতীয় পর্যায়ের অনুষ্ঠান উপজেলা পর্যায়ে নিয়ে আসা বর্তমান সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও অংশগ্রহণ বাড়বে। বিএনপি সরকার জনগণের সরকার। প্রধানমন্ত্রীর এই আগমন আমাদের এলাকার জন্য সৌভাগ্যের বিষয়।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী শরীফুল আলম বলেন, “বর্তমানে সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক ও ভঙ্গুর। তাই এটিকে চার লেনে উন্নীত করার দাবি আমরা জানিয়েছি এবং বিষয়টি নিয়ে কাজ করছি।”
তিনি বলেন, সড়কের পাশাপাশি রেল যোগাযোগ নিয়েও দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে। কিশোরগঞ্জ-ভৈরব রেলপথ ডাবল লাইনে উন্নীত করার পাশাপাশি রাজধানীর সঙ্গে আরও দ্রুতগামী ও আধুনিক ট্রেন চালুর দাবি রয়েছে মানুষের।
মন্ত্রী শরীফুল আলম জানান, রেলপথ ডাবল লাইনে উন্নীত করা এবং নতুন ট্রেন চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
পাশাপাশি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়কে ঘিরেও জেলার মানুষের প্রত্যাশা বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্রুত অবকাঠামো উন্নয়নের দাবি রয়েছে। শিক্ষা খাতে নতুন সুযোগ সৃষ্টি হলে জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অন্য জেলায় যাওয়ার প্রবণতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে কটিয়াদীতে এখন উৎসবের আবহ। জাতীয় পর্যায়ের এই আয়োজনের পাশাপাশি প্রধানমন্ত্রীর সফর থেকে স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক উদ্যোগের প্রত্যাশা করছেন কটিয়াদীবাসী।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array