যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে ফাঁড়ির ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সহকর্মীদের ধারণা, মানসিক সমস্যা ও হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। শফিকুল ইসলাম ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে রাত ৩টা ২৫ মিনিটে তিনি বড় মেয়ের মোবাইল ফোনে একটি খুদে বার্তা (মেসেজ) পাঠান। সেখানে লেখা ছিল, “আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রাখিও।” এরপর মেয়ে বারবার ফোন দেওয়া সত্ত্বেও তিনি আর কল রিসিভ করেননি।
মৃতের চাচাতো ভাই পারভেজ মল্লিক জানান, শফিকুল দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে (ডিপ্রেশন) ভুগছিলেন। তাকে চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছিল। তিনি প্রায়ই বলতেন, রাতে ঘুম হয় না।
শফিকুল দুই ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মৌটুপী গ্রামে। তিনি ওই এলাকার মান্নান মল্লিকের ছেলে।
যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাসেল জানান, ফাঁড়ির ওয়াশরুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজারবাগ পুলিশ লাইনে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array