ভৈরবে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান: ভ্রাম্যমাণ আদালতে তিন মালিককে জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা করাতকল (স-মিল) পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি করাতকলের মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব পৌর শহরসহ আশপাশের ইউনিয়নগুলোতে দীর্ঘদিন ধরে বিশটিরও বেশি স-মিল প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হয়ে আসছে। এসব স-মিলের অধিকাংশেরই বন বিভাগের অনুমোদন নেই এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাও অপর্যাপ্ত।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ভৈরব শহরের কাঠ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক।
অভিযান চলাকালে তিনটি স-মিলের বিরুদ্ধে প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র এবং স-মিল পরিচালনার অনুমোদন না থাকার প্রমাণ পাওয়া যায়। এ কারণে ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২’-এর ১২ ধারায় তাদের মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানাপ্রাপ্ত করাতকলগুলো হলো— মেসার্স ভুঁইয়া স-মিল, যার মালিক আফজাল ভূইয়া (জরিমানা ১০ হাজার টাকা); মেসার্স আজগর স-মিল, মালিক আজগর আলী (জরিমানা ৪ হাজার টাকা); এবং মেসার্স মজনু মিয়া স-মিল, মালিক শান্ত মিয়া (জরিমানা ৩ হাজার টাকা)।
অভিযানে কিশোরগঞ্জ জেলা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা এবং থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে স-মিল পরিচালনা পরিবেশের জন্য ক্ষতিকর এবং বনজ সম্পদ রক্ষায় বড় ধরনের হুমকি। তাই এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
তবে অভিযুক্ত স-মিল মালিকরা দাবি করেছেন, সংশ্লিষ্ট দপ্তরের অসহযোগিতার কারণে তারা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারেননি।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













